দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় ৩৮তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত সঞ্জয় দাস ও পররাষ্ট্র ক্যাডারে সুপারিশপ্রাপ্ত আবু সালেহ মো. মুসার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। ফাইল ছবি
দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় ৩৮তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত সঞ্জয় দাস ও পররাষ্ট্র ক্যাডারে সুপারিশপ্রাপ্ত আবু সালেহ মো. মুসার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ শাহজাহান কবির মঙ্গলবার এ আদেশ দেন।
এদিন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
আবেদনে বলা হয়, সরকারি কর্মচারী হওয়ার উদ্দেশ্যে আর্থিকভাবে লাভবান হতে ক্ষমতার অপব্যবহার করে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে জাল সনদ তৈরি করেন আসামিরা। ওই সনদ প্রকৃত ও বৈধ দলিল হিসেবে ব্যবহার করে নিজেদের যোগ্য প্রার্থী হিসেবে উপস্থাপন করেন। এভাবে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনকে (পিএসসি) বিভ্রান্ত করে ভুল সিদ্ধান্ত নিতে প্ররোচিত করেন তারা।
এর ফলে সঞ্জয় দাস ৩৮তম বিসিএসে প্রশাসন ক্যাডারে এবং আবু সালেহ মো. মুসা পররাষ্ট্র ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হন বলে আবেদনে উল্লেখ করা হয়।
পরবর্তী সময়ে চাকরিতে যোগ দিয়ে বেতন-ভাতাসহ সরকারি অর্থ উত্তোলনের মাধ্যমে আত্মসাতের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করা হয়। মামলাটির তদন্ত চলছে।
আবেদনে আরও বলা হয়, বিশ্বস্ত সূত্রে জানা গেছে, আসামিরা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এ কারণে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা প্রয়োজন।