× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ওবায়দুল কাদেরের মামলার রায় নিয়ে মন্তব্য, ক্ষমা চাইলেন ২ আইনজীবী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬ ১৬:০২ পিএম

ওবায়দুল কাদেরের মামলার রায় নিয়ে মন্তব্য, ক্ষমা চাইলেন ২ আইনজীবী

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির মৃত্যুদণ্ডের রায় নিয়ে মন্তব্য করার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন সুপ্রিম কোর্টের দুই আইনজীবী।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ হাজির হয়ে সোমবার সকালে ক্ষমা চান আইনজীবী এম হাসানুজ্জামান তুষার ও মোহাম্মদ হাসান চৌধুরী। পরে আদালত পরবর্তী শুনানির জন্য ২৫ জানুয়ারি দিন ধার্য করেন।

দুই আইনজীবীর পক্ষে শুনানি করবেন জ্যেষ্ঠ আইনজীবী মুনসুরুল হক চৌধুরী। অন্যদিকে, প্রসিকিউশনের পক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

পরে চিফ প্রসিকিউটর জানান, দুই আইনজীবী অনুতপ্ত হয়েছেন এবং নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। তিনি বলেন, “তারা তো আমাদেরই সহকর্মী। স্ট্যাটাস দিয়েছেন সেটা আবার সরিয়েও নিয়েছেন। সেটা আদালতকে জানিয়েছেন।”

এর আগে গত ১৬ সেপ্টেম্বর প্রসিকিউশনের আনা আদালত অবমাননার অভিযোগের শুনানি নিয়ে দুই আইনজীবীকে ২৩ সেপ্টেম্বর হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। সেদিন তারা হাজির হলে পরবর্তী শুনানির জন্য ২৬ অক্টোবর দিন নির্ধারণ করা হয়।

প্রসিকিউটর গাজী এম এইচ তামীম জানিয়েছিলেন, সাত আসামির মৃত্যুদণ্ডের রায় নিয়ে দুই আইনজীবী সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর মন্তব্য করেছিলেন। তাদের একজন লেখেন, ‘অবৈধ ক্যাঙ্গারু কোর্টের অবৈধ, মিথ্যা-বানোয়াট, ভিত্তিহীন রায়ের তীব্র নিন্দা জানাই এবং ঘৃণ্যভাবে এই রায় প্রত্যাখ্যান করি। রাজপথে হবে সব কিছুর ফয়সালা।’ ওই পোস্টের মন্তব্যে আরেক আইনজীবী লেখেন, ‘ক্যাঙ্গারু কোর্টের অবৈধ রায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এই ফরমায়েশি রায় প্রত্যাখ্যান করছি।’

গত ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চ জুলাই গণঅভ্যুত্থানের সময়কার মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দেন। অন্য আসামিদের মধ্যে রয়েছেন আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মোহাম্মদ আলী আরাফাত, শেখ ফজলে শামস পরশ, মাইনুল হোসেন খান নিখিল, সাদ্দাম হোসেন ও শেখ ওয়ালী আসিফ ইনান।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা