প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬ ১৯:৫৯ পিএম
আদালতে আসামিরা। ছবি: সংগৃহীত
রাজধানী গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় বাউফল পৌরসভার সাবেক মেয়র জিয়াউল হক ওরফে জুয়েলসহ ১৪ আসামির ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন এ আদেশ দেন।
এদিন আসামিদের আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন ৭ দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
প্রসিকিউশন বিভাগের এসআই মোক্তার হোসেন রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
রিমান্ডে নেওয়া অন্য আসামিরা হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্দীন হলের সাবেক সভাপতি শাহ্ মোস্তফা আলমগীর, তরিকুল ইসলাম টুটুল, জুলহাস মণ্ডল সাকি, দেলোয়ার হোসেন জিসান, শেখ শহিদুল ইসলাম বাবু সরদার, রায়হান পারভেজ রুবেল, হারুন বাসার, বাবু শেখ, মো. খলিল, ফরিদ আহম্মদ কাঞ্চন, রুহুল আমিন ফারাজি, মেজবাহ উদ্দিন খান ও আরিফুল ইসলাম।
মামলার এজহারে বলা হয়, গত ১১ সেপ্টেম্বর দুপুরে গুলশান-১ এলাকায় কয়েক’শ লোকের অংশগ্রহণে ‘জয় বাংলা’ স্লোগানে একটি মিছিল হয়। পুলিশ মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে গেলে তারা দুটি ককটেলের বিস্ফোরণ ঘটান। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশও দুই রাউন্ড রাবার বুলেট ছোড়ে।
এ ঘটনায় গুলশান থানার এসআই মো. মাহবুব হোসাইন বাদী হয়ে ওই দিনই সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। মামলায় ১১৮ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৮০ থেকে ১০০ জনকে আসামি করা হয়েছে।