× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মামলা প্রসঙ্গে পুলিশ

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি রাষ্ট্রদ্রোহ নয়, অপরাধমূলক ষড়যন্ত্র

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৬ ০৯:১৮ এএম

আপডেট : ১৩ অক্টোবর ২০২৬ ০৯:২৯ এএম

রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি দেওয়া হয়। ছবি: সংগৃহীত

রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি দেওয়া হয়। ছবি: সংগৃহীত

রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় করা মামলাটি রাষ্ট্রদ্রোহের মামলা নয়। এক ঊর্ধতন পুলিশ কর্মকর্তার দেওয়া তথ্যের ভিত্তিতে মামলাটিকে ‘রাষ্ট্রদ্রোহ মামলা’ হিসেবে বিভিন্ন গণমাধ্যমে উল্লেখ করা হয়।

সোমবার ফ্যাক্টচেক ভিত্তিক সংবাদমাধ্যম দ্য ডিসেন্টের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি দেওয়াকে কেন্দ্র করে রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আ ন ম আয়াসসহ চারজনকে গত শনিবার আটক করে শাহবাগ থানা পুলিশ। পরদিন রবিবার তাদের আদালতে হাজির করে গ্রেপ্তার দেখানো হয় এবং রিমান্ডের আবেদন করা হয়।

এ ঘটনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলামের বক্তব্যের ভিত্তিতে একাধিক সংবাদমাধ্যমের শিরোনামে মামলাটিকে ‘রাষ্ট্রদ্রোহ মামলা’ হিসেবে উল্লেখ করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল গাফফার হিমেল বলেন, মামলায় অভিযোগ আনা হয়েছে দণ্ডবিধির ১২০বি, ১৫৩এ ও ২৯৫এ ধারায়।

প্রতিবেদন অনুযায়ী, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ ওসমান গণি এবং সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ড. শরীফ ভূঁইয়ার দেওয়া তথ্য মতে এসব ধারা রাষ্ট্রদ্রোহ-সংক্রান্ত দণ্ডবিধির ১২৪এ ধারা নয়। তা সত্বেও একাধিক গণমাধ্যমে এটিকে রাষ্ট্রদ্রোহ মামলা হিসেবে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে একাধিক গণমাধ্যমের শিরোনাম উল্লেখ করে বলা হয়েছে, গণমাধ্যমে আয়াসসহ চারজনকে ‘রাষ্ট্রদ্রোহ মামলায়’ গ্রেপ্তার দেখানোর খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা ও ক্ষোভ দেখা দেয়।

মামলাটিকে রাষ্ট্রদ্রোহের মামলা হিসেবে উপস্থাপন করায় অনেকেই পুলিশের ভূমিকা ও অভিযোগের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন।

সাংবাদিক ও লেখক মাহবুব মোর্শেদ গ্রাফিতি নষ্ট করার অভিযোগে অভিযুক্তদের শাস্তি হওয়া উচিত বলে মন্তব্য করেন। তবে এ ঘটনায় রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনার সমালোচনা করে তিনি লেখেন, “এ কারণে তাদের শাস্তি হওয়া দরকার। তবে এ কারণে রাষ্ট্রদ্রোহ মামলা বেশি হয়ে যায়।”

মীর জাহান নামে লেখেন, “রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে কালি দিলে ধর্মীয় সংঘাত হয় কীভাবে? আর সবচেয়ে বড় প্রশ্ন, এতে রাষ্ট্রদ্রোহ হলো কীভাবে? রবীন্দ্রনাথ বাংলাদেশের রাষ্ট্রীয় সার্বভৌমত্বের প্রতীক, নাকি তার ছবিতে কালি দেওয়াই বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা?”

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম দ্য ডিসেন্টকে জানান, শুরুতে তিনিই গণমাধ্যমকে ঘটনাটিকে ‘রাষ্ট্রদ্রোহ মামলা’ হিসেবে উল্লেখ করেছিলেন।

মামলার নথিতে রাষ্ট্রদ্রোহের অভিযোগ না থাকা সত্ত্বেও কেন গণমাধ্যমকে এমন তথ্য দেওয়া হয়েছিল, জানতে চাইলে এই পুলিশ কর্মকর্তা দাবি করেন, দণ্ডবিধির ১২০বি ধারায় অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ রাষ্ট্রদ্রোহের অংশ হিসেবে আসে।

তিনি বলেন, “১২০-এর খ তো অপরাধমূলক ষড়যন্ত্র, ওইটা রাষ্ট্রদ্রোহেরই একটা অংশ হিসেবে আসে।”

‘এটি রাষ্ট্রদ্রোহ মামলা না’

রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম দণ্ডবিধির ১২০বি ধারাকে ‘রাষ্ট্রদ্রোহের অংশ’ হিসেবে উল্লেখ করলেও তার বক্তব্যের সঙ্গে একমত নন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ ওসমান গণি।

তিনি দ্য ডিসেন্টকে বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আনা অভিযোগ রাষ্ট্রদ্রোহের অভিযোগ নয়।

গণমাধ্যমে প্রচারিত রাষ্ট্রদ্রোহের অভিযোগের সঙ্গে মামলার নথিতে থাকা দণ্ডবিধির ১২০বি, ১৫৩এ ও ২৯৫এ ধারার কোনো সম্পর্ক আছে কি না, জানতে চাইলে তিনি বলেন, “এটা রাষ্ট্রদ্রোহ মামলা না।”

প্রথম আলোর সংশোধনীতে মামলাটিকে ‘অপরাধমূলক ষড়যন্ত্রের’ মামলা হিসেবে উল্লেখ করার বিষয়ে জানতে চাইলে মোহাম্মদ ওসমান গণি বলেন, হ্যা এটা ‘অপরাধমূলক ষড়যন্ত্রের’ মামলা।

‘মামলায় রাষ্ট্রদ্রোহের ধারা নেই’

মামলার নথিতে রাষ্ট্রদ্রোহের অভিযোগ না থাকা এবং পুলিশের দুই কর্মকর্তার পরস্পরবিরোধী বক্তব্যের বিষয়ে দ্য ডিসেন্টের সঙ্গে কথা বলেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও সংবিধান সংস্কার কমিশনের সদস্য ড. শরীফ ভূঁইয়া।

মামলাটিকে রাষ্ট্রদ্রোহ হিসেবে প্রচার করার প্রসঙ্গে তিনি বলেন, রাষ্ট্রদ্রোহের নির্দিষ্ট ধারা ১২৪এ। গণমাধ্যমে মামলাটিকে রাষ্ট্রদ্রোহ মামলা হিসেবে বর্ণনা করার বিষয়টিকেও তিনি সমস্যাজনক বলে উল্লেখ করেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা