প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬ ১৬:৪৯ পিএম
বরিশালের সাবেক সংসদ সদস্য আবুল হাসনাত আবদুল্লাহর ছেলে মঈনউদ্দিন আহাম্মেদ আব্দুল্লাহ। ফাইল ছবি
রাজধানীর মিরপুরে জুলাই আন্দোলন কেন্দ্রিক ফিরোজ তালুকদার ওরফে পলাশ হত্যা মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে বরিশালের সাবেক সংসদ সদস্য আবুল হাসনাত আবদুল্লাহর ছেলে মঈনউদ্দিন আহাম্মেদ আব্দুল্লাহকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছে আদালত।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার এ আদেশ দেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আজিম আহম্মেদ তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন তথ্যটি নিশ্চিত করেন।
মামলার অভিযোগ অনুযায়ী, বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন ২০২৪ সালের ১৯ জুলাই মিরপুর-১০ নম্বরের গোল চত্বর পার হওয়ার সময় গুলিবিদ্ধ হন ফিরোজ তালুকদার পলাশ।
পরে চিকিৎসাধীন অবস্থায় মিরপুরের আলোক হাসপাতালে মারা যান তিনি। ফিরোজ রংপুর কেমিক্যাল লিমিটেডের কর্মকর্তা ছিলেন। এ ঘটনায় ফিরোজের স্ত্রী ওই বছরের ২৫ আগস্ট হত্যা মামলা দায়ের করেন।