গুপ্তচরবৃত্তির অভিযোগে ঢাকার উত্তরা পশ্চিম থানায় করা মামলায় গ্রেপ্তার ভারতীয় নাগরিক রবিউল ইসলামকে চতুর্থ দফায় তিন দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
গুপ্তচরবৃত্তির অভিযোগে ঢাকার উত্তরা পশ্চিম থানায় করা মামলায় গ্রেপ্তার ভারতীয় নাগরিক রবিউল ইসলামকে চতুর্থ দফায় তিন দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিব উল্লাহ পিয়াস বৃহস্পতিবার শুনানি শেষে এ আদেশ দেন।
এর আগে তিন দফায় মোট ১৫ দিনের রিমান্ড শেষে এদিন রবিউলকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা রমনা গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক মো. নূর আলম তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। অন্যদিকে আসামিপক্ষ রিমান্ড বাতিলের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার রিমান্ড আবেদনে বলা হয়, রবিউলকে এর আগে জিজ্ঞাসাবাদে তিনি ১৫ বারের বেশি বাংলাদেশে আসা-যাওয়া করেছেন বলে তথ্য পাওয়া যায়। কখনো পর্যটক, আবার কখনো ব্যবসায়ী ভিসায় বাংলাদেশে আসার কথা জানালেও এর প্রকৃত কারণ সম্পর্কে তিনি স্পষ্ট ব্যাখ্যা দিতে পারেননি। জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যে অসঙ্গতি পাওয়া গেছে বলেও আবেদনে উল্লেখ করা হয়।
পুলিশের দাবি, রবিউল ভারতীয় নাগরিক এবং একটি দেশের গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করেন। তিনি বাংলাদেশের গুরুত্বপূর্ণ ও পাচার নিষিদ্ধ সরকারি নথি ও তথ্য বিদেশে পাচার করেছেন বলে অভিযোগ করা হয়েছে। এসব কর্মকাণ্ডের পৃষ্ঠপোষক, অর্থদাতা ও সহযোগীদের বিষয়ে তথ্য জানতে তাকে আরও জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়।
মামলার অভিযোগে আরও বলা হয়, রবিউল ভারতীয় নাগরিক হলেও তার পাসপোর্টে জন্মস্থান সৌদি আরবের রিয়াদ উল্লেখ রয়েছে।
রিমান্ড আবেদনে বলা হয়, জিজ্ঞাসাবাদে রবিউল স্বীকার করেছেন, গত ১০ থেকে ১২ বছর ধরে তিনি বিভিন্ন সময়ে বাংলাদেশে আসা-যাওয়া করেছেন। ব্যবসার কথা বলে বাংলাদেশে এসে গুপ্তচরবৃত্তি এবং বিদেশি সংস্থার কাছে তথ্য পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
এ ছাড়া বাংলাদেশে অবস্থানকালে রবিউল গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা ও সংরক্ষিত এলাকার ছবি এবং সরকারি নথি বা তথ্য বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে পাঠানোর চেষ্টা করেছেন বলে অভিযোগ করা হয়েছে। বিদেশি গোয়েন্দা সংস্থার এজেন্টদের সহযোগিতা করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
এর আগে ২৩ সেপ্টেম্বর ৫৪ ধারায় রবিউলকে গ্রেপ্তারের পর দুই দফায় আট দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল বলে মামলার নথিতে উল্লেখ করা হয়েছে।