প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬ ১৬:৫১ পিএম
আপডেট : ০৭ অক্টোবর ২০২৬ ১৬:৫২ পিএম
প্রতীকী ছবি
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফসহ চারজনের বিরুদ্ধে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার যুক্তিতর্ক শেষ হয়েছে।
এতে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রেখেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। বুধবার ট্রাইব্যুনাল এ আদেশ দেন।
মামলার অন্য আসামিরা হলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী এবং শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা। চার আসামিই বর্তমানে পলাতক।
আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন যুক্তিতর্ক উপস্থাপন করেন। পরে প্রসিকিউশনের পক্ষে তার বক্তব্যের যুক্তিখণ্ডন করা হয়। উভয় পক্ষের যুক্তিতর্ক শেষ হলে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন ট্রাইব্যুনাল।
এর আগে গত ৫ অক্টোবর চার আসামির সর্বোচ্চ সাজা চেয়ে যুক্তিতর্ক শেষ করে প্রসিকিউশন। সেদিন প্রসিকিউশনের পক্ষে যুক্তি তুলে ধরেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম। আসামিরা পলাতক থাকায় রাষ্ট্রনিযুক্ত ডিফেন্স আইনজীবীর যুক্তি উপস্থাপনের জন্য বুধবার দিন ধার্য করেছিলেন ট্রাইব্যুনাল।
মামলায় ১৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ২৩ এপ্রিল শেষ হয়। পরে প্রসিকিউশন অতিরিক্ত প্রমাণাদি দাখিল করায় পুনরায় যুক্তিতর্ক অনুষ্ঠিত হয়।
এর আগে গত বছরের ২ নভেম্বর চার আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল-২। তাদের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য, ষড়যন্ত্র এবং কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে।