সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহী। ছবি: সংগৃহীত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে ঢাকার মোহাম্মদপুরে কুরিয়ার সার্ভিসকর্মী রাজু আহমেদ হত্যা মামলায় নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল মঙ্গলবার শুনানি শেষে এ আদেশ দেন।
এদিন কারাগার থেকে রুহীকে আদালতে হাজির করা হয়।
এর আগে ৩০ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক জাহিদুল ইসলাম কবির রুহীকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানির জন্য ৬ অক্টোবর দিন ধার্য ছিল।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী মোস্তাফিজুর রহমান তালুকদার রিমান্ড বাতিলের পাশাপাশি জামিনের আবেদন করেন।
শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে চলতি বছরের ২৩ সেপ্টেম্বর ঢাকার মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকা থেকে রুহীকে গ্রেপ্তার করা হয়। পরদিন আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিল দেখার সময় গুলিবিদ্ধ হয়ে জননী কুরিয়ার সার্ভিসের কর্মী রাজু আহমেদ নিহত হন। এ ঘটনায় ২৭ আগস্ট মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করা হয়।