ঢাকার মিরপুরে চার বছর আগে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সায়মন নামে এক পোশাককর্মীর টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ঢাকার মিরপুরে চার বছর আগে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সায়মন নামে এক পোশাককর্মীর টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
ঢাকার ১৩তম অতিরিক্ত মহানগর দায়রা জজ জাহিদুল ইসলামের আদালত মঙ্গলবার এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—মো. ইউসুফ, ইকবাল খাঁ ও মেহেদী হাসান। চোরাই মোবাইল কেনার দায়ে সুজন নামে অপর এক আসামিকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
রায় ঘোষণার আগে কারাগারে থাকা ইউসুফ, ইকবাল ও মেহেদী হাসানকে আদালতে হাজির করা হয়। রায় শেষে তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়। সুজন পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
আদালতের বেঞ্চ সহকারী সোহেল মিয়া এসব তথ্য নিশ্চিত করেছেন।
মামলার বিবরণে জানা যায়, সায়মন মিরপুর-১-এর সনি সিনেমা হলের পেছনে লিবার্টি গার্মেন্টসে ১০ হাজার টাকা বেতনে চাকরি করতেন। ২০২২ সালের ১১ অক্টোবর অফিস থেকে বেতন তুলে দুই সহকর্মী রিফাত হোসেন রাব্বি ও হৃদয় হাসানের সঙ্গে মিরপুর-১ এলাকায় কেনাকাটা করতে যান। কেনাকাটা শেষে রাত ৯টার দিকে তারা বাসায় ফিরছিলেন।
পথে আড়ং শপিং সেন্টারের সামনে অজ্ঞাতপরিচয় তিন ছিনতাইকারীর একজন সায়মনকে বলেন, তিনি নাকি তার ছোট ভাইকে মারধর করেছেন। ‘চল, কথা আছে’ বলে ভয়ভীতি দেখিয়ে সায়মন ও রিফাতকে রূপায়ণ টাওয়ারের সামনে থেকে রিকশায় তুলে দারুস সালাম থানার কোনাবাড়ি হয়ে কাঁচাবাজারের সামনে নিয়ে যাওয়া হয়।
সেখানে রিফাতকে নামিয়ে দিয়ে সায়মনকে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের ভেতরে নিয়ে যায় তারা। পরে তিন ছিনতাইকারী চাকু বের করে ভয় দেখিয়ে সায়মনের কাছে থাকা সবকিছু দিয়ে দিতে বলে। তিনি মোবাইল ফোন ও টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে ছুরিকাঘাত করে রক্তাক্ত জখম করে। পরে তার কাছে থাকা টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা।
সায়মনের চিৎকার শুনে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে পঙ্গু হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় সায়মনের বাবা শাজাহান শেখ অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে দারুস সালাম থানায় মামলা করেন। তদন্তে নেমে পুলিশ ইউসুফকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ইকবাল ও মেহেদী হাসানও ঘটনায় জড়িত থাকার বিষয়টি সামনে আসে।
পুলিশ ইউসুফের বাসা থেকে সায়মনের মোবাইল ফোন বিক্রির টাকা উদ্ধার করে। জিজ্ঞাসাবাদে ইউসুফ স্বীকার করেন, তিনি সায়মনের মোবাইল ফোনটি সুজনের কাছে ২ হাজার ২০০ টাকায় বিক্রি করেছিলেন।
মামলার তদন্ত শেষে ২০২৩ সালের ৩১ জানুয়ারি ইউসুফ, ইকবাল ও মেহেদী হাসানের বিরুদ্ধে ছিনতাইয়ের পর হত্যার অভিযোগে এবং সুজনের বিরুদ্ধে চোরাই মাল নিজের কাছে রাখার অভিযোগে আদালতে অভিযোগপত্র দাখিল করেন দারুস সালাম থানার এসআই সোহান আহমেদ।
২০২৩ সালের ২ আগস্ট আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে মামলার বিচার শুরু হয়। বিচার চলাকালে আদালত ১৮ জনের সাক্ষ্য গ্রহণ করেন। পরে আসামিদের আত্মপক্ষ সমর্থনের বক্তব্য ও উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত মঙ্গলবার এ রায় ঘোষণা করেন।