সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
ঢাকার হাতিরঝিলের মহানগর আবাসিক এলাকায় দীপ্ত টিভির সম্প্রচার কর্মকর্তা তানজিল জাহান তামিম হত্যা মামলায় সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলমসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
ঢাকার ১৩তম অতিরিক্ত মহানগর দায়রা জজ জাহিদুল ইসলামের আদালত সোমবার এ আদেশ দেন।
আদালতের বেঞ্চ সহকারী সোহেল মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, তানজিল হত্যা মামলায় শেখ রবিউল আলমসহ ৯ জনকে অব্যাহতি দেওয়া হয়েছিল। এর বিরুদ্ধে বাদীপক্ষ রিভিশন আবেদন করে। শুনানি শেষে আদালত সেই আবেদনও নামঞ্জুর করেন। ফলে যাদের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করা হয়েছে, তাদের বিরুদ্ধে মামলার কার্যক্রম চলবে।
আদালতের আদেশে অসন্তোষ প্রকাশ করেছেন বাদীপক্ষের আইনজীবী আব্দুল আলীম। তিনি বলেন, “আমরা এ আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাব।”
২০২৪ সালের ১০ অক্টোবর হাতিরঝিল থানার মহানগর আবাসিক এলাকায় নিজেদের বাসায় হামলার শিকার হন তামিম। গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরদিন তার বাবা সুলতান আহমেদ হাতিরঝিল থানায় হত্যা মামলা করেন।
মামলায় ডেভেলপার প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম রবি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ মামুনসহ ১৬ জনের নাম উল্লেখ করা হয়।
এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১১ থেকে ১২ জনকে আসামি করা হয়।
তদন্ত শেষে ২০২৫ সালের ১০ ডিসেম্বর ঢাকা মহানগর উত্তর পিবিআইয়ের উপপরিদর্শক জাকারিয়া আলম ১৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র এবং এক কিশোরের বিরুদ্ধে দোষীপত্র জমা দেন। তবে শেখ রবিউল আলমসহ ৯ জনের বিরুদ্ধে ‘সুনির্দিষ্ট তথ্য না পাওয়ায়’ অব্যাহতির সুপারিশ করা হয়।
অব্যাহতি পাওয়া ৯ জন হলেন- মোহাম্মদ মামুন, শেখ রবিউল আলম, ফজলুর রহমান, আরিয়ান, নাসরিন আক্তার, রাসেল, মাহফুজুর রহমান, মোজাম্মেল হক কবির ও ইমাম হোসেন।