অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরী। ছবি: সংগৃহীত
ঢাকার ক্যান্টনমেন্ট থানা এলাকার দক্ষিণ মানিকদীতে নিউ গিনি প্রোপার্টিজ লিমিটেডের প্রকল্পে হামলা, গোলাগুলি, ভাঙচুর ও লুটপাটের মামলায় গ্রেপ্তার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরী জামিন পেয়েছেন।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদের আদালত সোমবার আগামী ২৮ অক্টোবর পর্যন্ত দুই হাজার টাকা মুচলেকায় তার শর্তসাপেক্ষ জামিন মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক তারেকুর রহমান।
তিনি জানান, রিমান্ড শেষে গোলাম মহিউদ্দিন চৌধুরীকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক জেহাদ হোসেন। আসামির পক্ষে তার আইনজীবী জামিনের আবেদন করে শুনানি করেন। শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করেন।
এর আগে ৩০ সেপ্টেম্বর দুপুর পৌনে ৩টার দিকে রমনা থানার সেগুনবাগিচা এলাকার একটি বাসা থেকে গোলাম মহিউদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। পরে আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার এজাহার অনুযায়ী, গত ২৬ সেপ্টেম্বর মধ্যরাতে নিউ গিনি প্রোপার্টিজের প্রকল্পে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় প্রকল্প পরিচালক সাইফুল ইসলাম ভূঁইয়া বাদী হয়ে ২৭ সেপ্টেম্বর ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন।
এজাহারে বলা হয়, পূর্বশত্রুতার জের ধরে আসামিরা বেআইনি জনতাবদ্ধ হয়ে আগ্নেয়াস্ত্র, শটগান, রিভলবার, চাপাতি, রামদা ও লাঠিসোঁটাসহ প্রকল্পে প্রবেশ করেন। তারা ৫০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করেন। এ সময় প্রকল্পের সাইড ইঞ্জিনিয়ার মো. পারভেজ ও নিরাপত্তারক্ষীদের মারধর করে গুরুতর জখম করা হয়।
অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা প্রকল্পের মেইন গেট, থাইগ্লাস ও কেঁচি গেট ভাঙচুর করে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি করেন। অফিসের কম্পিউটার, মনিটর, ফ্রিজ, টিভি ও আলমারি ভাঙচুর করে আরও প্রায় ১২ লাখ টাকার ক্ষতি করা হয়।
এ ছাড়া অফিসের লকার ভেঙে নির্মাণসামগ্রী কেনার জন্য রাখা ২৫ লাখ টাকা, ৫৫ লাখ টাকা মূল্যের বিভিন্ন সাইজের ২০০ ফুট তার, ২৩ টন রড এবং এক ফ্ল্যাট মালিকের চার লাখ টাকা মূল্যের একটি স্কুটার চুরি করা হয়েছে বলে মামলায় দাবি করা হয়েছে।
মামলায় প্রতিষ্ঠানের প্রায় ১ কোটি ৪২ লাখ ৮০ হাজার টাকার আর্থিক ক্ষতি এবং ১ কোটি ৫০ লাখ ৪৪ হাজার টাকা মূল্যের মালামাল লুটের অভিযোগ আনা হয়েছে।
এ ছাড়া প্রকল্পের ৫ হাজার বর্গফুটের একটি ফ্লোরে সালমান মুক্তাদিরের ‘ব্রাউন ফিস স্টুডিওতে’ অনধিকার প্রবেশ করে দুটি টিভি, এসি ও মূল্যবান ফার্নিচার ভাঙচুরের মাধ্যমে ৯৫ লাখ টাকার ক্ষতি করা হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
সেখানে বিপুল পরিমাণ দামি শুটিং ও কারিগরি সরঞ্জাম ছিল বলেও অভিযোগে বলা হয়।
মামলায় গোলাম মহিউদ্দিন চৌধুরীসহ ১৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।