শ্রম রপ্তানিতে অনিয়ম
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬ ২১:৩১ পিএম
সুপ্রিম কোর্ট। ফাইল ছবি
মালয়েশিয়ায় শ্রম রপ্তানিতে অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে ৪৯টি রিক্রুটিং এজেন্সির সনদ (লাইসেন্স) বাতিলের সরকারি সিদ্ধান্ত বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ চেম্বার আদালত স্থগিত করায় সরকারের নেওয়া লাইসেন্স বাতিলের আদেশটি কার্যকর থাকছে।
রবিবার বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার আদালত এ আদেশ দেন।
এ বিষয়ে গতকাল অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল বলেন, এই ৪৯টি রিক্রুটিং এজেন্ট; যাদের লাইসেন্স প্রত্যাহার করা হয়েছিল, তাদেরটা প্রত্যাহারই থাকছে এবং সরকারের সিদ্ধান্তটাই বহাল থাকছে বলা যায়।
তিনি বলেন, গত ১৯ জুলাই ৪৯টি রিক্রুটিং এজেন্সির সনদ প্রত্যাহার করে সরকার। এ সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে দুটি রিট মামলা করা হয়। প্রথম রিট আবেদনটি করেন একজন রিক্রুটিং এজেন্ট। পরে ১১ জন রিক্রুটিং এজেন্ট আরেকটি রিট মামলা করেন। দুটি রিটের ক্ষেত্রেই হাইকোর্ট সরকারের সিদ্ধান্তের ওপর স্থগিতাদেশ দেন। এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে।
এর পরিপ্রেক্ষিতে গত ৩০ সেপ্টেম্বর একটি রিটের ক্ষেত্রে হাইকোর্টের আদেশ স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার আদালত। রবিবার ১১ জন রিক্রুটিং এজেন্টের অপর রিট মামলার ক্ষেত্রেও হাইকোর্টের আদেশ স্থগিত করা হয়।
অ্যাটর্নি জেনারেল বলেন, আদালতের এই আদেশের ফলে অভিযুক্ত ৪৯টি রিক্রুটিং এজেন্সি তাদের কার্যক্রম পরিচালনা করতে পারবে না এবং স্বচ্ছ প্রক্রিয়ায় স্বল্প ব্যয়ে যাতে কর্মীরা নিরাপদে বিদেশে যেতে পারেন, সে লক্ষ্যে সরকারি এ পদক্ষেপ কার্যকর থাকবে।
তিনি জানান, বিগত সরকারের আমলে একটি অসাধু সিন্ডিকেটের কারণে সেখানে কর্মী পাঠানো মারাত্মকভাবে বাধাগ্রস্ত হয় এবং একপর্যায়ে কর্মী পাঠানো সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। রিক্রুটিং এজেন্সিগুলোর বিরুদ্ধে অভিযোগ ছিলÑ তারা অতিরিক্ত অর্থ আদায়, এক কাজের কথা বলে অন্য কাজে পাঠানো, মিথ্যা প্রলোভন ও নানামুখী হয়রানির মাধ্যমে অভিবাসী কর্মীদের চরম ভোগান্তিতে ফেলেছিল। এতে দুই দেশের কূটনৈতিক ও শ্রমবাজারের সুসম্পর্কও ক্ষতিগ্রস্ত হয়।