প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬ ১৬:০৬ পিএম
আপডেট : ০১ অক্টোবর ২০২৬ ১৬:০৯ পিএম
হাইকোর্ট। ফাইল ছবি
বোর্ডের অনুমতি ছাড়াই এইচবিএম ইকবালের শেয়ার স্থানান্তর করে বেঙ্গল টাইগার সিমেন্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হয় সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা। তাকে ঋণখেলাপির তালিকা থেকে বাদ দিতে বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
বিচারপতি মোহাম্মদ উল্লাহ ও বিচারপতি কাজী ওয়ালিউল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সিরাজুল ইসলাম মোল্লার করা এক আবেদনের শুনানি শেষে বৃহস্পতিবার এ আদেশ দেন।
আদালত একই সঙ্গে কেন তাকে ঋণখেলাপির তালিকায় রাখা হয়েছে, তা জানতে চেয়ে রুল জারি করেছেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ সংশ্লিষ্ট চারজনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
বর্তমানে হাইকোর্টে বাংলাদেশ ব্যাংকের সিআইবি (ক্রেডিট ইনফরমেশন ব্যুরো) রিপোর্ট স্থগিত করার নজির প্রায় বন্ধ থাকলেও আদালতের অবকাশকালীন ছুটির সময়ে এ আদেশ দেওয়া হয়েছে। এর আগে ভিন্ন নামে সিআইবি রিপোর্ট স্থগিত করানোর চেষ্টা করেও তিনি ব্যর্থ হয়েছিলেন।