× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আত্মহত্যায় প্ররোচনা মামলা

আপসের পর প্রথম স্ত্রীর জামিন, তবে জামিন পাননি এমপি নজরুল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৯:১৮ পিএম

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৯:২০ পিএম

এমপি গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

এমপি গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

দ্বিতীয় স্ত্রী মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম জামিন পেয়েছেন।

একই মামলায় বাদী ও মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহর সঙ্গে গাজী নজরুল ইসলামের আপস-মীমাংসা হয়েছে। তবে শুনানি শেষে এমপি নজরুলের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। 

ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালতে বুধবার এ মামলার জামিন শুনানি হয়।

এ সময় মামলার বাদী এস এম মাসুম বিল্লাহ আদালতে হাজির হয়ে আসামিদের জামিনে তার কোনো আপত্তি নেই বলে হলফনামা দেন। পরে আদালত তার জবানবন্দি গ্রহণ করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী এবং আসামিপক্ষের আইনজীবী মাহবুবুর রহমান।

আইনজীবী মাহবুবুর রহমান বলেন, “কারাগারে থাকা গাজী নজরুল ইসলাম ও মাকছুদা ইসলামের আপসের শর্তে জামিন চেয়েছিলাম। বাদীপক্ষের সঙ্গে আপস-মীমাংসা হয়েছে। শুনানিতে উপস্থিত থেকে বাদী জানিয়েছেন, দুই আসামির জামিন দিলে তার কোনো আপত্তি নেই। মাকছুদা ইসলামের জামিন হয়েছে। তবে গাজী নজরুলের জামিনের বিষয়ে আদালত এখনো কোনো আদেশ দেননি।”

এর আগে দুই দফায় মোট আট দিনের রিমান্ড শেষে গত সোমবার গাজী নজরুল ইসলামকে কারাগারে পাঠানো হয়।

রিমান্ডে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাতে তদন্ত কর্মকর্তা আদালতকে জানান, ন্যাম ভবনের ফ্ল্যাটে গাজী নজরুল প্রথম স্ত্রী মাকছুদা ইসলামকে নিয়ে শয়নকক্ষে থাকতেন। অন্যদিকে দ্বিতীয় স্ত্রী মরিয়মকে শয়নকক্ষের পাশের বারান্দায় মাঝে মাঝে রাত কাটাতে হতো।

তদন্তে মরিয়ম শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছিলেন বলেও তথ্য পাওয়ার কথা আদালতকে জানায় পুলিশ। 

মামলার এজাহার অনুযায়ী, গত জুনে ইসলামী শরিয়াহ অনুযায়ী গাজী নজরুল ইসলামের সঙ্গে মরিয়মের বিয়ে হয়। সংসদ সদস্য হওয়ায় গাজী নজরুল, তার প্রথম স্ত্রী মাকছুদা ও মরিয়ম ন্যাম ভবনের একটি ফ্ল্যাটে থাকতেন। বিয়ের পর বিভিন্ন বিষয় নিয়ে গাজী নজরুল ও মাকছুদা মরিয়মকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন বলে অভিযোগ করেন তার বাবা।

এর আগে ২০ সেপ্টেম্বর বিকালে গাজী নজরুল মরিয়মের বাবাকে ফোন করে দ্রুত বাসায় যেতে বলেন। সেখানে গিয়ে তিনি মেয়েকে একটি কক্ষে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

পরে পুলিশের সহায়তায় দরজা ভেঙে মরিয়মের লাশ উদ্ধার করা হয়। এ সময় বিছানার ওপর একটি চিরকুট পাওয়ার কথাও মামলায় উল্লেখ করা হয়েছে। 

পরদিন মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ বাদী হয়ে গাজী নজরুল ইসলাম, মাকছুদা ইসলাম ও মরিয়মের মামা ওবায়দুর রহমানের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার মামলা করেন।

ওই রাতেই গাজী নজরুল ও মাকছুদাকে গ্রেপ্তার করে পুলিশ। মাকছুদা এক দিনের রিমান্ড শেষে কারাগারে ছিলেন। বুধবার আদালত তাকে জামিন দেন। 

এর আগে মরিয়মের ব্যক্তিগত মুহূর্তের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে গাজী নজরুলকে নিয়ে আলোচনা শুরু হয়।

পরে চলতি বছরের ২২ জুলাই তাকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়।

ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় ২১ জুলাই পল্লবী থানায় একটি মামলাও করেন মরিয়মের মামা ওবায়দুর রহমান। ওই মামলায় হাইকোর্ট থেকে ১০ আগস্ট আট সপ্তাহের জামিন পান গাজী নজরুল।

পরবর্তী সময়ে মরিয়মের আত্মহত্যায় প্ররোচনার মামলায় ওবায়দুর রহমানকেও আসামি করা হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা