ফরহাদ সুমন, চট্টগ্রাম
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬ ০৯:১৭ এএম
লোগো: সংগৃহীত
সম্প্রতি চট্টগ্রামের ফটিকছড়ির এক বাসিন্দা সিআর মামলা করার পর এমন প্রতারণার শিকার হয়েছেন। ওই মামলার তদন্তের দায়িত্বে ছিলেন পিবিআইয়ের তদন্ত কর্মকর্তা এসআই আবু সুফিয়ান। তার অজান্তে মামলার বাদীর মোবাইল ফোনে অচেনা নম্বর থেকে কল আসে। কলকারী নিজেকে পিবিআইয়ের তদন্ত কর্মকর্তা এসআই আবু সুফিয়ান পরিচয় দিয়ে মামলার ইতিবাচক প্রতিবেদন দেওয়ার প্রতিশ্রুতি দেন। মাঠপর্যায়ে তদন্তে যাওয়ার খরচের কথা বলে তিনি টাকা দাবি করেন।
প্রতারকের কথায় বিশ্বাস করে ওই বাদী টাকা পাঠান। পরে তদন্ত কর্মকর্তা পরিচয়ে আবারও টাকা দাবি করা হলে তার সন্দেহ হয়। এরপর তিনি সরাসরি চট্টগ্রাম জেলা পিবিআই কার্যালয়ে গিয়ে নেমপ্লেট দেখে প্রকৃত এসআই আবু সুফিয়ানের সঙ্গে কথা বলেন। তখনই বিষয়টি প্রতারণা বলে নিশ্চিত হন তিনি।
আইন অনুযায়ী, মামলার ধরন ও বাদীর আবেদনের গুরুত্ব বিবেচনায় আদালত অধিকতর নিরপেক্ষ এবং সুষ্ঠু তদন্তের স্বার্থে মামলা পিবিআই, সিআইডি কিংবা ডিবি পুলিশের কাছে হস্তান্তর করে থাকে। অভিযোগ রয়েছে, আদালত থেকে বাদীর তথ্য হাতিয়ে নেওয়ার পরপরই চক্রের সদস্যরা সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তা বা পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয়ে বাদীকে ফোন করেন। বাদীর কাছে এমন কিছু নিগূঢ় তথ্য তুলে ধরা হয়, যা শুনে বাদী অনেক সময় ফোনকারীকে প্রকৃত তদন্ত কর্মকর্তা বলে বিশ্বাস করেন। এরপর তদন্ত প্রতিবেদন বাদীর অনুকূলে বা পক্ষে দেওয়ার আশ্বাস দিয়ে বিভিন্ন খরচের কথা বলে টাকা দাবি করা হয়। বিকাশ বা নগদের মতো মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে এসব টাকা নেওয়া হচ্ছে।
এ ঘটনায় পিবিআই চট্টগ্রাম জেলার এসআই মো. আবু সুফিয়ান বাদী হয়ে গত বুধবার রাউজান থানায় মামলা করেন। শুক্রবার নোয়াখালীর সুধারাম থানার গৌরীপুর এলাকায় অভিযান চালিয়ে পিবিআই, সিআইডি ও ডিবি পুলিশের কর্মকর্তা পরিচয়ে বিভিন্ন মামলার বাদীদের কাছ থেকে গাড়িভাড়া ও তদন্ত খরচের কথা বলে টাকা আত্মসাৎ করা প্রতারক চক্রের হোতা মো. মোজাম্মেল হক কবিরকে গ্রেপ্তার করা হয়। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন ডিভাইস উদ্ধার করা হয়েছে।
পিবিআই চট্টগ্রাম জেলার পুলিশ সুপার এমকেএইচ জাহাঙ্গীর হেসেন প্রতিদিনের বাংলাদেশকে জানান, পিবিআইয়ের প্রকৃত তদন্তকারী কর্মকর্তারা বিভিন্ন মামলার তদন্তে গিয়ে প্রতারণার বিষয়টি জানতে পেরে প্রতারক চক্রের সদস্যদের পরিচয় উদ্ঘাটন ও গ্রেপ্তারের চেষ্টা করছিলেন। তিনি বলেন, চক্রের মূল হোতা মো. মোজাম্মেল হক কবিরকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি প্রতারণার কথা স্বীকার করে তার সহযোগীদের তথ্য দিয়েছেন। এসব তথ্যের ভিত্তিতে চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তার এবং আরও প্রতারণার ঘটনা উদ্ঘাটনে অভিযান চলছে।
এদিকে আদালতের নথিপত্র ও বাদীদের ব্যক্তিগত তথ্য কীভাবে এবং কার মাধ্যমে প্রতারক চক্রের হাতে পৌঁছাচ্ছে, তা খতিয়ে দেখতে অভ্যন্তরীণ নজরদারি ও তদন্ত জোরদারের প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্ট আদালতের আইনজীবীরা।
অ্যাডভোকেট জিয়া আহসান হাবিব প্রতিদিনের বাংলাদেশকে বলেন, মামলার নথির তথ্য ফাঁস হওয়া নতুন কিছু নয়। আদালতে কিছু অসাধু ব্যক্তির সহযোগিতায় এ কাজ হতে পারে। এতে মামলার বাদী ও আসামিকে বিড়ম্বনায় পড়তে হয়। তার মতে, মামলার বাদী ও আইনজীবী ছাড়া অন্য কাউকে যাতে তথ্য দেওয়া না হয়, সে বিষয়ে নজরদারি বাড়ানো প্রয়োজন। এতে প্রতারক চক্র মামলার তথ্য পেয়ে বাদী কিংবা আসামিকে হয়রানি করতে এবং মিথ্যা আশ্বাস দিয়ে টাকা হাতিয়ে নিতে পারবে না।