ঢাকা ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল হাসান।
সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিরোধী ও উসকানিমূলক বক্তব্য ছড়িয়ে দেওয়ার অভিযোগে ঢাকার ক্যান্টনমেন্ট থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসানের আবারও দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান সোমবার শুনানি শেষে এ আদেশ দেন।
এদিন পাঁচ দিনের রিমান্ড শেষে রাকিবুল হাসানকে আদালতে হাজির করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডিএমপির গোয়েন্দা বিভাগের গুলশান জোনাল টিমের পুলিশ পরিদর্শক মো. জেহাদ হোসেন তাকে পুনরায় তিন দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন।
রিমান্ড আবেদনে বলা হয়, জিজ্ঞাসাবাদে আসামি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তার দেওয়া চার মিনিট ২৯ সেকেন্ডের একটি অডিও ডিভিডিতে ধারণ করে জব্দ করা হয়েছে। নমুনা কণ্ঠস্বরের সঙ্গে ওই অডিওর কণ্ঠস্বরের তুলনামূলক পরীক্ষার জন্য তাকে পুনরায় পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।
আসামিপক্ষের আইনজীবী মোরশেদ হোসেন শাহিন রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে ২৪ সেপ্টেম্বর রাতে তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে মামলাটি ডিএমপির গোয়েন্দা বিভাগে (ডিবি) হস্তান্তর করা হয়।
মামলার এজাহারে বলা হয়, ফেসবুকে এক অজ্ঞাত ব্যক্তির সঙ্গে কথোপকথনের একটি অডিও ক্লিপে রাকিবুল হাসান রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে বিদ্বেষমূলক ও উসকানিমূলক মন্তব্য করেন। অডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা হয়।
ঘটনার পর তাকে ক্যান্টনমেন্ট থানার ওসি পদ থেকে অব্যাহতি দিয়ে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়।