প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৪৮ পিএম
জিয়াউল আহসান। ছবি: সংগৃহীত
আওয়ামী লীগ সরকারের শাসনামলে শতাধিক গুম-খুনের অপরাধে অভিযুক্ত মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের মামলার বিচারিক কার্যক্রম আগামী অক্টোবরের মধ্যে শেষ হতে পারে বলে আশা প্রকাশ করেছেন প্রসিকিউটর মিজানুল ইসলাম।
রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মিজানুল ইসলাম বলেন, “অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধে ১০৪ জনকে গুম ও হত্যার অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে তিনটি সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। এ মামলায় ১৩ নম্বর সাক্ষী হিসেবে ট্রাইব্যুনাল-১ এ এসে জবানবন্দি দিয়েছেন সাবেক র্যাব কর্মকর্তা মেজর (অব.) সাব্বির রহমান। তার জেরা শেষ হয়েছে আজ (রবিবার)।”
তিনি বলেন, “এ মামলায় আমরা ট্রাইব্যুনালে দালিলিক, প্রত্যক্ষদর্শীসহ যথেষ্ট সাক্ষ্যপ্রমাণ উপস্থাপন করেছি। এর মাধ্যমে জিয়াউলের সর্বোচ্চ শাস্তি হওয়া সম্ভব। তবে, শাস্তি দেওয়ার কোনো এখতিয়ার আমাদের নেই। আমরা যুক্তিতর্ক উপস্থাপনের সময় এসব দাবি তুলে ধরব।”
প্রসিকিউটর বলেন, “এ মামলার প্রত্যেকটি অভিযোগে প্রত্যক্ষদর্শী সাক্ষী আমরা উপস্থাপন করেছি। সাক্ষীরা জিয়াউলেরই অধীন ছিলেন। তার ঊর্ধ্বতন কর্মকর্তাও দুএকজন রয়েছেন। আমাদের তদন্তকারী কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ সমাপ্ত হলে আইন অনুযায়ী যদি আসামিপক্ষ মনে করেন যে, তারা সাফাই সাক্ষ্য দেবেন, তাহলে আদালতের অনুমতি সাপেক্ষে তারা দিতে পারবেন। এখন পর্যন্ত তারা আমাদের দুজন সাক্ষীর তালিকা দিয়েছেন। তারা দেবেন কি না, তা সাক্ষ্যগ্রহণ শেষে নির্ধারিত হবে।”
প্রসিকিউটর মিজানুল বলেন, “কবে নাগাদ মামলা শেষ হবে, তা নির্ধারণ করার দায়িত্ব ট্রাইব্যুনালের। কারণ, রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ এখনও শেষ হয়নি। তবে আমরা আশা করছি, স্বাভাবিক গতিতে চললে অক্টোবর মাসের মধ্যে উভয়পক্ষের সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক সমাপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।”
প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, গাজীপুরে সজলসহ তিনজনকে হত্যা, বরগুনার পাথরঘাটায় বলেশ্বর নদীতে অন্তত অর্ধশতাধিক ব্যক্তিকে হত্যার ঘটনা এবং সুন্দরবনে বনদস্যু দমনের নামে ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা সাজিয়ে হত্যার অভিযোগ রয়েছে।
এসব ঘটনায় জিয়াউল আহসানের সরাসরি সম্পৃক্ততা, নির্দেশনা ও অনুমোদনের অভিযোগ এনেছে রাষ্ট্রপক্ষ। মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষ্যও এরই মধ্যে গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছেছে।
গত ১৭ সেপ্টেম্বর র্যাবের সাবেক কর্মকর্তা মেজর (অব.) সাব্বির রহমান ওসমানী ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন। সাক্ষ্যে তিনি ২০১০ থেকে ২০১২ সাল পর্যন্ত বরগুনার পাথরঘাটা ও সুন্দরবনে কথিত বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিভিন্ন ঘটনার বর্ণনা দেন।
এর আগে এ মামলায় রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষী হিসেবে সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়া সাক্ষ্য দেন। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে তার সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষ হয়।
প্রসিকিউশনের ভাষ্য অনুযায়ী, ২০০৯ থেকে ২০১৬ সাল পর্যন্ত র্যাবের গোয়েন্দা বিভাগের পরিচালক ও এডিজি (অপারেশনস) হিসেবে দায়িত্ব পালনের সময় জিয়াউল আহসানের বিরুদ্ধে বিভিন্ন গুম ও হত্যাকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।
পরবর্তীসময়ে তিনি ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের আগস্টে জিয়াউল আহসানকে গ্রেপ্তার করা হয়।