× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আত্মহত্যায় প্ররোচনা মামলা: সংসদ সদস্য গাজী নজরুলের প্রথম স্ত্রী কারাগারে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬ ১৭:৫৮ পিএম

 ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। ফাইল ছবি

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। ফাইল ছবি

রাজধানীর শেরেবাংলা নগর থানার আত্মহত্যায় প্ররোচনা মামলায় গ্রেপ্তার সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের প্রথম স্ত্রী মাকসুদা ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।

এক দিনের রিমান্ড শেষে মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন শুনানি শেষে এ আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক মোহাম্মদ সালাউদ্দিন রিমান্ড শেষে আসামিকে আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন জানান। প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত হাজতি পরোয়ানামূলে মাকসুদা ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দেয়। শুনানিকালে আসামিপক্ষে কোনো আবেদন ছিল না।

এর আগে সোমবার আদালত মাকসুদা ইসলামের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছিলো। একই সঙ্গে এই মামলায় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে চার দিনের রিমান্ডে পাঠানো হয়।

গত রবিবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে অবস্থিত ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মৃত মরিয়মের বাবা মো. মাসুম বিল্লাহ বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা করেন। মামলায় সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকসুদা বেগম এবং ওবায়দুর রহমানসহ তিনজনকে আসামি করা হয়।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, গত জুনে গাজী নজরুলের সঙ্গে মরিয়মের ইসলামি শরিয়াহ অনুযায়ী বিয়ে হয়। নজরুল সংসদ সদস্য হওয়ায় ভুক্তভোগী মরিয়ম ও তার প্রথম স্ত্রী মাকসুদা ইসলাম ন্যাম ভবনের ওই ফ্ল্যাটে একসঙ্গে বসবাস করতেন। আসামি ওবায়দুর রহমানের প্রত্যক্ষ প্ররোচনায় তাদের এই বিয়ে হয়েছিল। বিয়ের পর থেকেই নজরুল ও তার প্রথম স্ত্রী বিভিন্ন বিষয় নিয়ে মরিয়মের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন, যা তিনি বিভিন্ন সময় মুঠোফোনে পরিবারকে জানিয়েছিলেন।

এজাহারে আরও বলা হয়, নির্যাতনের ধারাবাহিকতায় গত ২০ সেপ্টেম্বর বিকেল আনুমানিক সাড়ে পাঁচটায় গাজী নজরুল মুঠোফোনে মরিয়মের বাবাকে দ্রুত বাসায় যাওয়ার কথা বলেন। সেখানে গিয়ে তিনি অনেক মানুষের উপস্থিতি দেখতে পান এবং জানতে পারেন যে ভেতর থেকে বন্ধ একটি কক্ষে মরিয়ম গলায় ফাঁস দিয়ে ঝুলছেন। পরে শেরেবাংলা নগর থানা-পুলিশের সহায়তায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তার ঝুলন্ত মরদেহ দেখতে পাওয়া যায়। ওই সময় বিছানার ওপর মরিয়মের লেখা একটি ‘সুইসাইড নোট’ উদ্ধার করা হয়। আসামিদের শারীরিক ও মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে এবং তাদের প্ররোচনাতেই মরিয়ম আত্মহত্যা করেছেন বলে এজাহারে অভিযোগ করা হয়।

গত জুলাই মাসে মরিয়ম খাতুনের সঙ্গে সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ‘ব্যক্তিগত মুহূর্তের’ কয়েকটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওগুলো ভাইরাল হওয়ার পর সংসদ সদস্যের সমর্থকেরা দাবি করেছিলেন, এগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বা ‘ডিপফেক’ প্রযুক্তির সাহায্যে তৈরি।

তবে পরদিনই কয়েকটি তথ্যযাচাইকারী (ফ্যাক্টচেকিং) প্রতিষ্ঠান নিশ্চিত করে যে ভিডিওগুলো এআই দিয়ে তৈরি নয়, বরং বাস্তব। এ নিয়ে তুমুল বিতর্কের মুখে গাজী নজরুল ইসলাম দাবি করেন, ভিডিওতে থাকা তরুণী তার দ্বিতীয় স্ত্রী এবং প্রথম স্ত্রীর সম্মতি নিয়েই সম্প্রতি তিনি তাকে বিয়ে করেছেন।

কিন্তু এর পরেই মরিয়ম খাতুনের একটি জীবনবৃত্তান্ত (বায়োডাটা) সামনে এলে বিষয়টি নিয়ে নতুন করে বিতর্ক দানা বাঁধে। কথিত বিয়ের তারিখের পাঁচ দিন পরের ওই জীবনবৃত্তান্তে মরিয়মের বৈবাহিক অবস্থা ‘অবিবাহিত’ হিসেবে উল্লেখ ছিল। শুধু তাই নয়, ওই নথিতে সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের নিজ হাতের ‘জোর সুপারিশ করছি’ লেখা একটি সুপারিশ ও স্বাক্ষর পাওয়া যায়। এর ফলে চাকরির প্রলোভন ও অনৈতিক সম্পর্কের অভিযোগ তুলে রাজনৈতিক ও সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনার ঝড় ওঠে।

বিতর্কিত এই ঘটনার জেরে গত ২২ জুলাই সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, অভ্যন্তরীণ সাংগঠনিক তদন্তে তার বিরুদ্ধে ওঠা নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে দল থেকে বহিষ্কার করা হয়। একই সঙ্গে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনকেও (ইসি) অবহিত করেছিল দলটি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা