× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টাঙ্গাইলে বিএনপি নেতা ফারুক হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন

টাঙ্গাইল প্রতিবেদক

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬ ১৫:৩২ পিএম

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৬ ১৫:৩৬ পিএম

নিহত বিএনপি নেতা ফারুক। ফাইল ছবি

নিহত বিএনপি নেতা ফারুক। ফাইল ছবি

টাঙ্গাইলের সদর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও দাইন্যা ইউনিয়ন পরিষদের তিন বারের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। রায়ে আরও ৪ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

টাঙ্গাইলের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ফয়সাল আল মামুন সোমবার সকালে এ দণ্ডাদেশ দেন।

মৃত্যুদণ্ড প্রাপ্তরা হলেন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি সানিয়াত খান বাপ্পা, সদর উপজেলার কাগমারা এলাকার আফজাল ফকিরের ছেলে শাজাহান মিয়া এবং একই উপজেলার শ্রীফলিয়াটা এলাকার সহিদ মিয়ার ছেলে আজাদ মিয়া।

অপরদিকে যাবজ্জীবন দেওয়া চারজন হলেন- সুজন, সানোয়ার হোসেন, শফিকুল ইসলাম এবং ইমন মিয়া।

অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার ১ জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

টাঙ্গাইলের কোর্ট ইন্সপেক্টর সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা যায়, রফিকুল ইসলাম টাঙ্গাইল শহরের আকুর টাকুর এলাকায় ভাড়া বাসায় থাকতেন। ২০১৩ সালের ২০ ডিসেম্বর সকাল সাড়ে ৬টার দিকে তিনি প্রাতর্ভ্রমণে বের হন। আকুর টাকুর বটতলা বাজার এলাকায় পৌঁছালে একদল সন্ত্রাসী তাকে গুলি ও কুপিয়ে হত্যা করে। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে।

এ ঘটনায় পরদিন রফিকুল ইসলামের ছোট ভাই লাভলু মিয়া বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় হত্যা মামলা করেন।

মামলার তদন্ত শেষে ২০১৫ সালের ১৩ আগস্ট আটজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন তৎকালীন জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা অশোক কুমার সিংহ।

তবে ওই অভিযোগপত্রের বিরুদ্ধে আদালতে নারাজি আবেদন করেন বাদী লাভলু মিয়া। পরে আদালতের নির্দেশে মামলাটি পুনঃতদন্তের দায়িত্ব পায় সিআইডি।

তদন্ত শেষে ২০১৮ সালের ২৯ এপ্রিল টাঙ্গাইল সিআইডির পরিদর্শক রফিক উদ্দিন আহম্মেদ আট আসামির বিরুদ্ধে আবারও অভিযোগপত্র দেন।

পরে টাঙ্গাইলের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলাটির বিচারকাজ শুরু হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সোমবার মামলাটির রায় ঘোষণা করা হলো।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা