জাল সনদে ১৯ বছর চাকরি
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬ ২১:১২ পিএম
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৬ ২১:১৩ পিএম
সুপ্রিম কোর্ট। ফাইল ছবি
জাল শিক্ষাগত সনদ দিয়ে সুপ্রিম কোর্টে চাকরি নেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় অফিস সহকারী মোহাম্মদ গোলাম মাওলাকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে।
একই সঙ্গে চাকরির ১৯ বছরে বেতন-ভাতা বাবদ উত্তোলন করা ৪২ লাখ ৩ হাজার ৯০১ টাকা আগামী ৩০ দিনের মধ্যে সরকারি কোষাগারে ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ। এ বিষয়ে গত ১৭ সেপ্টেম্বর হাইকোর্ট বিভাগের সাধারণ ও সংস্থাপন শাখা থেকে অফিস আদেশ জারি করা হয়েছে।
অফিস আদেশে বলা হয়, জাল-জালিয়াতির মাধ্যমে তৈরি শিক্ষাগত যোগ্যতার সনদের ভিত্তিতে হাইকোর্ট বিভাগের অফিস সহকারী পদে চাকরি নিয়েছিলেন গোলাম মাওলা। এ ঘটনায় তার বিরুদ্ধে ২০২১ সালে বিভাগীয় মামলা (০৯/২০২১) হয়। মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় বিধি অনুযায়ী চলতি বছরের ২১ জানুয়ারি তাকে চাকরি থেকে অপসারণ করা হয়। গোলাম মাওলার চাকরি শুরু থেকেই বাতিল হিসেবে গণ্য হবে। ফলে চাকরিকালে তিনি কোনো বেতন-ভাতা পাওয়ার যোগ্য ছিলেন না।
এতে আরও বলা হয়, ২০০৭ সালের ৩১ জানুয়ারি থেকে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত চাকরিকালে তিনি বেতন-ভাতা বাবদ মোট ৪২ লাখ ৩ হাজার ৯০১ টাকা উত্তোলন করেছেন। ওই অর্থ আগামী ৩০ দিনের মধ্যে অটোমেটেড চালান সিস্টেমের মাধ্যমে সরকারি কোষাগারে ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।