× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টাকায় সাজানো আসামি

বোরহানউদ্দিন মাহমুদ

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬ ০৮:৪০ এএম

ভয়ংকর অপরাধ ঘটছে খোদ ঢাকার আদালতপাড়ায়। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

ভয়ংকর অপরাধ ঘটছে খোদ ঢাকার আদালতপাড়ায়। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

ন্যায়বিচারের আশায় মানুষ যে আদালতপাড়ায় শেষ আশ্রয় খোঁজে, সেই পবিত্র আঙিনা যেন একশ্রেণির সংঘবদ্ধ প্রতারক চক্রের অভয়ারণ্যে পরিণত হয়েছে। বিচারকের সিল ও স্বাক্ষর জাল করে ভুয়া নথি তৈরি, টাকার বিনিময়ে ভাড়াটে আসামি হাজির করা, এমনকি এজলাস থেকে মামলার মূল নথি চুরির মতো চাঞ্চল্যকর ও ভয়ংকর অপরাধ ঘটছে খোদ ঢাকার আদালতপাড়ায়। সাধারণ বিচারপ্রার্থীরা আইনজীবীর সহকারী ও ‘ভেতরের লোক’ পরিচয় দেওয়া দালালদের খপ্পরে পড়ে সর্বস্বান্ত হচ্ছেন। আর এ সবকিছুই ঘটছে বিচারব্যবস্থার নাকের ডগায়, যা পুরো আইনি প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতাকে চরম প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। 

ভাড়াটে আসামি

২৯ লাখ টাকার চেক ডিজঅনার মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল নাসরিন শিকদার নামের এক নারীর বিরুদ্ধে। কিন্তু গত ২৫ জুন ঢাকার চতুর্থ যুগ্ম মহানগর দায়রা জজ তানিয়া সুলতানার আদালতে আত্মসমর্পণ করতে আসেন নাসরিন পরিচয় দেওয়া মনোয়ারা বেগম নামের অন্য এক নারী। আইনজীবীর মাধ্যমে জামিন আবেদনও করেন তিনি। কিন্তু শুনানির সময় বিচারকের তীক্ষ্ণ প্রশ্নে তার আসল পরিচয় বেরিয়ে আসে।

আদালতে দাখিল করা পরিচয়পত্রে নাম-ঠিকানা নাসরিনের থাকলেও ছবিটি ছিল মনোয়ারার। ধরা পড়ার পর মনোয়ারা জানান, এক আইনজীবী কিছু টাকার প্রলোভন দেখিয়ে তাকে আদালতে দাঁড়াতে বলেছিলেন। আইনি পরিণতির কথা তিনি জানতেন না। আদালত তাৎক্ষণিকভাবে তাকে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় নাসরিন, মনোয়ারা ও আইনজীবী মো. হাম্মাদ এমদাদ হোসাইনের বিরুদ্ধে মামলা হয়। টাকার বিনিময়ে প্রকৃত আসামিকে বাঁচিয়ে ভাড়াটে আসামি হাজির করার এই ঘটনা আদালতপাড়ার নিরাপত্তার বড় একটি ছিদ্রকে সামনে এনেছে।

নামের মিলে নির্দোষ ব্যক্তি জেলে

প্রকৃত আসামির বদলে অন্য কাউকে হাজির করার পাশাপাশি পরিচয়ের ভুলের কারণেও চরম হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। চলতি বছরের ফেব্রুয়ারিতে চেক জালিয়াতির একটি মামলায় মামুন মিয়া নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। শুধু নামের মিল থাকার কারণে চার মাস বিনাদোষে কারাভোগ করেন তিনি। পরে পুলিশি তদন্তে তার নির্দোষ হওয়ার বিষয়টি প্রমাণিত হলে বাদীর কাছ থেকে ৩০ লাখ টাকা ক্ষতিপূরণ নিয়ে আপস করেন তিনি।

এ ঘটনাগুলো প্রমাণ করে, গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরের আগে আসামির পরিচয়, ঠিকানা ও পিতার নাম যাচাইয়ের ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চরম গাফিলতি রয়েছে। এই ফাঁকফোকর ব্যবহার করেই প্রকৃত অপরাধীরা পার পেয়ে যাচ্ছে।

৯০ হাজার টাকায় খালাস, গায়েব হচ্ছে মূল নথি

সাম্প্রতিক সময়ের সবচেয়ে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে। খিলগাঁও থানার একটি অস্ত্র মামলার পলাতক আসামি তানভীর আহমেদ তনয়কে খালাস করে দেওয়ার চুক্তিতে তার স্ত্রীর কাছ থেকে ৯০ হাজার টাকা নেন নিজেকে আইনজীবীর সহকারী দাবি করা আনোয়ারুল হক ওরফে রাসেল।

প্রথমে তিনি একটি ভুয়া খালাসের আদেশ দেন। কিন্তু পরে আদালত থেকে আসল আসামির হাজিরার সমন গেলে জালিয়াতি ফাঁস হওয়ার উপক্রম হয়। ঘটনা আড়াল করতে গত ২ জুলাই আনোয়ারুল আদালত কক্ষে ঢুকে পেশকারের চোখ ফাঁকি দিয়ে মামলার মূল নথিই চুরি করে নিয়ে যান! সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ তাকে গ্রেপ্তার করে। তদন্তে বেরিয়ে আসে, একই কায়দায় তিনি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে একটি মাদক মামলার নথিও চুরি করেছিলেন। তার তথ্যের ভিত্তিতে আদালতপাড়ার এক কম্পিউটার অপারেটরকে গ্রেপ্তারের পর তার পিসি থেকে অন্তত ১০টি মামলার ভুয়া রায় ও আদেশের কপি উদ্ধার করা হয়।

বিচারকের সিল-স্বাক্ষরেই কোর্ট ম্যারেজ

শুধু রায় বা নথি চুরিই নয়, খোদ বিচারকের সিল ও স্বাক্ষর জাল করার ঘটনাও ঘটছে আদালতপাড়ায়। গত জুলাইয়ে ঢাকার ১১ নম্বর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আরিফুল ইসলামের স্বাক্ষর ও সরকারি সিল ব্যবহার করে একটি ভুয়া হলফনামা (কোর্ট ম্যারেজ এফিডেভিট) তৈরির ঘটনা ধরা পড়ে। সিএমএম আদালতের নেজারত শাখায় যাচাই করে দেখা যায়, ওই স্মারক নম্বরে অন্য একজনের হলফনামা নিবন্ধিত।

ভুয়া সমন

অন্যদিকে টাঙ্গাইলের চার বাসিন্দার কাছে ঢাকার সিএমএম আদালতের নামে ভুয়া সমন পাঠানোর ঘটনাও ঘটেছে। খোঁজ নিয়ে জানা যায়, সংশ্লিষ্ট মামলায় ওই চারজনের কারও নামই নেই এবং আদালতের ডেসপাস শাখাতেও ওই সমনের কোনো রেকর্ড নেই। বিচারকের সিল জালিয়াতি করে এই ভুয়া সমন তৈরি করা হয়েছিল। এর আগে ২০২৫ সালে বিচারকের স্বাক্ষর জাল করে এক সাজাপ্রাপ্ত আসামিকে কারাগার থেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টার ঘটনাও ঘটেছিল।

উচ্চ আদালতেও জালিয়াতির ছায়া

শুধু নিম্ন আদালতই নয়, উচ্চ আদালতেও তথ্য গোপন করে জামিন নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। গত আগস্টে হাইকোর্টে একটি মামলার আগের কার্যক্রম গোপন করে নতুন বেঞ্চে জামিন নেওয়ার চেষ্টা করায় এক আইনজীবীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। আদালতের কাছে পূর্ণাঙ্গ ও নির্ভুল তথ্য উপস্থাপন যে আইনজীবীদের নৈতিক দায়িত্ব, এই ঘটনা তারই একটি নেতিবাচক দৃষ্টান্ত।

তথ্য পাচার হচ্ছে কীভাবে

একের পর এক জালিয়াতির ঘটনায় সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছেÑ মামলার এত গোপনীয় তথ্য প্রতারক চক্রের হাতে পৌঁছাচ্ছে কীভাবে? একটি ভুয়া রায় বা আদেশ তৈরি করতে মামলার নম্বর, বর্তমান অবস্থা এবং বিচারকের নাম জানতে হয়। আর মূল নথি চুরির ঘটনা প্রমাণ করে, আদালতের রেকর্ড রুম ও এজলাসের নিরাপত্তা কতটা ভঙ্গুর। নথির পূর্ণাঙ্গ ডিজিটাল ট্র্যাকিং ব্যবস্থা না থাকায় সহজেই তা গায়েব করা সম্ভব হচ্ছে।

‘ভেতরের লোক’ পরিচয়ে রমরমা বাণিজ্য

আদালতপাড়ায় নতুন আসা কোনো মামলার বাদী বা আসামির স্বজনেরা নিয়মকানুন না জানায় সহজেই দালালের খপ্পরে পড়েন। ‘ভেতরে সাহেবদের সঙ্গে কথা বলা আছে’, ‘জামিন হয়ে যাবে’ বা ‘কাগজ ঠিক করে দেব’Ñ এমন আশ্বাস দিয়ে টাকা হাতানোই এই চক্রের মূল কাজ। অনেক ক্ষেত্রে আইনজীবীর সহকারী বা আদালতের অসাধু কর্মচারীদের যোগসাজশেই এসব ঘটনা ঘটছে।

জবাবদিহি ও কাঠামোগত সংস্কারের তাগিদ

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মেহেদী হাসান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘আদালতের নথি শুধু এক টুকরো কাগজ নয়; এর ওপর নির্ভর করে মানুষের স্বাধীনতা, সম্পদ ও ন্যায়বিচার পাওয়ার অধিকার। সেই নথির বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠলে তা পুরো বিচারব্যবস্থার ওপরই আঘাত হানে। তাই আদালতপাড়ায় প্রতারণা বন্ধে শুধু দালাল ধরলেই হবে না; নথির নিরাপত্তা, তথ্যের ডিজিটাল ট্র্যাকিং এবং দ্রুত যাচাইব্যবস্থা চালু করা এখন সময়ের দাবি। একই সঙ্গে আদালত সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, আইনজীবী ও বিচারপ্রার্থীদের আরও সতর্ক হতে হবে। সন্দেহজনক নথি বা তথ্য পাওয়া গেলে তা দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো জরুরি।’

ঢাকা জেলা জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট শাকিল আহমেদ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘ভুয়া তথ্য সরবরাহকারী ও জালিয়াতির সঙ্গে জড়িত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করলে আদালতপাড়ার এই প্রতারণার চক্র কোনোভাবেই ভাঙা সম্ভব হবে না। পাশাপাশি নথি যাচাইয়ে দায়িত্বপ্রাপ্তদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে এবং অনিয়ম শনাক্ত হলে দ্রুত তদন্ত করে দায়ীদের আইনের আওতায় আনতে হবে।’

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা