আজিজুল ইসলাম
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬ ১১:৩৯ এএম
গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
ভোরের স্নিগ্ধ বাতাস গায়ে মেখে স্বামীর সঙ্গে রিকশায় গন্তব্যে যাচ্ছিলেন প্রধান শিক্ষিকা রনজিলা পারভিন (৫৬)। পেছন থেকে একটি মোটরসাইকেলে আসা ছিনতাইকারীর নিষ্ঠুর হ্যাঁচকা টানে রিকশা থেকে ছিটকে পড়ে মর্মান্তিক মৃত্যু হয় এই শিক্ষিকার। তার এই বেদনাবিধুর মৃত্যুর পর রহস্য উদঘাটনে নেমেছে দুই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। র্যাব ও মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) আলাদা অভিযানে গ্রেপ্তার হয়েছেন মোট পাঁচজন। আর এতেই তৈরি হয়েছে ‘তদন্ত-ধাঁধা’। নিহত শিক্ষিকার আত্মা যখন সুবিচার চাইছে, তখন প্রশ্ন উঠেছেÑ প্রকৃত অপরাধী কে?
২৯ আগস্ট সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সংলগ্ন সড়ক দিয়ে মানিক মিয়া অ্যাভিনিউয়ের ১২ নম্বর গেট পেরিয়ে রিকশায় যাচ্ছিলেন রনজিলা ও তার স্বামী আবদুল মতিন। ডিবির তদন্ত বলছে, পেছন থেকে একটি মোটরসাইকেল তাদের অনুসরণ করে। চলন্ত অবস্থায় পেছনের আরোহী খোকন নামের একজন রনজিলার হাতে থাকা ব্যাগে সজোরে টান দেয়। রিকশা থেকে পাকা রাস্তায় আছড়ে পড়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি। হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ঘটনায় শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা করেন তার স্বামী।
অন্যদিকে হত্যাকাণ্ডের এক দিনের মাথায় রাকিব, পনি ও সেড্রিক নামের তিনজনকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করে র্যাব-২। তাদের দাবি, ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেলটি রাকিবের। তিনজনকে রিমান্ড শেষে কারাগারেও পাঠানো হয়। কিন্তু ২০ দিনের তদন্ত শেষে দৃশ্যপট বদলে দেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তি বিশ্লেষণ করে খোকন (৩৫) ও রাজিব মাতুব্বরকে (৩৬) গ্রেপ্তার করে তারা।
ডিএমপির ডিবি প্রধান শফিকুল ইসলাম এক সংবাদ সম্মেলনে জানান, ঘটনার সময় রাজিব মোটরসাইকেল চালাচ্ছিলেন ও খোকন ব্যাগ ধরে টান দেন। তাদের দেওয়া তথ্যে মিরপুরের বড়বাগ থেকে নিহত শিক্ষিকার ব্যাগ, মিরপুর-১ থেকে মোবাইল ও ছিনতাইয়ে ব্যবহৃত প্রকৃত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। রাজিবের কাছ থেকে ৬২২টি ইয়াবাও উদ্ধার করা হয় বলে দাবি ডিবির। তার বিরুদ্ধে অস্ত্র, ডাকাতিসহ আটটি এবং খোকনের বিরুদ্ধে তিনটি মাদকের মামলা রয়েছে।
ডিবির দাবি, সিসিটিভি ফুটেজে থাকা মোটরসাইকেলের সঙ্গে র্যাবের উদ্ধার করা মোটরসাইকেলের কোনো মিল নেই। দুই দলের বসবাসের এলাকা ও যোগসূত্রও সম্পূর্ণ ভিন্ন। ডিবি প্রধান জানিয়েছেন, তদন্তে চূড়ান্তভাবে সম্পৃক্ততা না পাওয়া গেলে র্যাবের হাতে আগে গ্রেপ্তার হওয়া তিনজনকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হবে।
ডিবির এই দাবির পর র্যাবের হাতে গ্রেপ্তার ব্যক্তিদের পরিবার চরম ক্ষুব্ধ। রাকিবের স্ত্রী সুমাইয়া ইসলাম প্রশ্ন তুলেছেন, ‘অপরাধে জড়িত না থাকলে গ্রেপ্তার, রিমান্ড ও কারাবন্দিত্বের দায় কার?’ নির্দোষ প্রমাণিত হলে র্যাবের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন আরেকজনের স্বজন।
এ বিষয়ে র্যাব-২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. নয়মুল হাসান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘আমরা সন্দেহভাজন হিসেবে তাদের গ্রেপ্তার করেছি। তদন্তের পর যিনি দোষী, তিনিই শাস্তির আওতায় আসবেন।’ র্যাবের আরেক কর্মকর্তা জানান, ডিবির হাতে গ্রেপ্তার ব্যক্তিরাই প্রকৃত অপরাধী কি না, তা তদন্ত শেষ হলেই নিশ্চিত হওয়া যাবে।
তবে এই তদন্ত-ধাঁধায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বাঁকটি আসে নিহত রনজিলার স্বামী ও ঘটনার প্রত্যক্ষদর্শী আবদুল মতিনের বক্তব্যে। ডিবি যাদের গ্রেপ্তার করেছে, তাদের চিনতে পেরেছেন জানিয়ে তিনি প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘এই দুজনই ঘটনাস্থলে ছিল।’ পাশাপাশি গণমাধ্যমে প্রকাশিত ছবি দেখে র্যাবের হাতে গ্রেপ্তার তিনজনের বিষয়ে তিনি নিশ্চিত করেছেন, ছিনতাইয়ের সময় তাদের সেখানে দেখেননি।