শাপলা চত্বর হত্যাকাণ্ড
২০১৩ সালের পাঁচ ও ছয়ই মে শক্তি প্রয়োগ করে হেফাজতে ইসলামের সমাবেশ ভঙ্গ করে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। ছবি: বিবিসি বাংলা
২০১৩ সালে রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ৭ অক্টোবর দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভযোগ গঠনের জন্য এ দিন ধার্য করা হয়েছে।
বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ বুধবার এ আদেশ দেন।
শুনানিতে প্রসিকিউশন জানায়, আত্মসমর্পণের জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামির বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও তারা আত্মসমর্পণ করেননি। তাই তাদের অনুপস্থিতিতে বিচার কার্যক্রম শুরু এবং তাদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের আবেদন জানায় প্রসিকিউশন।
এদিন সকালে গ্রেপ্তার থাকা ১১ আসামিকে কড়া নিরাপত্তা ব্যবস্থায় কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
তারা হলেন সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, আব্দুর রাজ্জাক, দীপু মনি, হাসানুল হক ইনু, সাবেক প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসান, সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডল, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু ও সাংবাদিক ফারজানা রূপা।
প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম ও কুমিল্লায় মোট ৫৮ জন নিহত হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৩২, নারায়ণগঞ্জে ২০, চট্টগ্রামে ৫ ও কুমিল্লায় একজন নিহতের পরিচয় শনাক্ত করেছে তদন্ত সংস্থা। এ মামলায় আসামিদের মধ্যে রয়েছেন- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও তৎকালীন সরকারের মন্ত্রীসভার গুরত্বপূর্ণ সদস্য, আওয়ামীলীগের সহযোগী সংগঠনের নেতা, সাংবাদিক ও পুলিশ কর্মকর্তা রয়েছেন।
মুগ্ধসহ ১১ হত্যা ২৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে
জুলাই আন্দোলনে রাজধানীর উত্তরায় মীর মাহফুজুর রহমান মুগ্ধসহ ১১ জনকে হত্যার ঘটনায় করা মামলায় ঢাকা-১৮ আসনের সাবেক এমপি হাবিব হাসানসহ ২৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের দিন পিছিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর বিচারিক প্যানেল এ সংক্রান্ত বিষয়ে আদেশের জন্য আগামী ২৩ সেপ্টেম্বর দিন ঠিক করেছেন। মামলার বিষয়ে রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম গণমাধ্যমকে জানান, মুগ্ধ হত্যা মামলায় এরই মধ্যে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। অভিযোগ গঠনের ওপর রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের শুনানিও শেষ হয়েছে। অভিযোগ গঠনের আদেশের জন্য ১৬ সেপ্টেম্বর দিন নির্ধারিত ছিল। তারই ধারাবাহিকতায় বুধবার অভিযোগ গঠনের তারিখ পিছিয়ে আগামী ২৩ সেপ্টেম্বর ঠিক করেছেন ট্রাইব্যুনাল। এ মামলায় পুলিশ সদস্য ও স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীসহ মোট ২৮ জনকে আসামি করা হয়েছে। এরমধ্যে আটজন গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন। বাকি ১৮ জন পলাতক।
মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ
জুলাই আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. মো. মাকসুদ কামাল ও অধ্যাপক ড. জাফর ইকবালসহ আটজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করেছে রাষ্ট্রপক্ষের প্রসিকিউশন। বুধবার ট্রাইব্যুনালে এ অভিযোগ দাখিল করে রাষ্ট্রপক্ষের প্রসিকিউশন।
প্রসিকিউশন সূত্রে জানা যায়, ২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা, নির্যাতন এবং আন্দোলন দমনের ঘটনায় তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আনা হয়েছে।
অভিযোগে তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মাকসুদ কামাল, অধ্যাপক ড. জাফর ইকবাল এবং আপিল বিভাগের সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিকসহ মোট আটজনকে আসামি করা হয়েছে। তদন্তে পাওয়া তথ্য ও নথিপত্রের ভিত্তিতে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। এরপর ট্রাইব্যুনালে অভিযোগের ওপর শুনানি এবং পরবর্তী আইনগত কার্যক্রম অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে প্রসিকিউশন।