আছিয়া হত্যা-ধর্ষণ মামলা
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬ ২১:০১ পিএম
সুপ্রিম কোর্ট। ফাইল ছবি
মাগুরার আট বছরের শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায় আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে।
সোমবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ৩৭ পৃষ্ঠার এ রায় প্রকাশ করা হয়।
এর আগে ৩১ আগস্ট বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখে রায় ঘোষণা করেন।
গত বছরের ৫ মার্চ মাগুরা সদর উপজেলায় রমজানের ছুটিতে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে বোনের শ্বশুর হিটু শেখের ধর্ষণের শিকার হয় শিশু আছিয়া। পরে তাকে হত্যারও চেষ্টা করা হয়। গুরুতর অবস্থায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি।
এ ঘটনায় আছিয়ার মা বাদী হয়ে হিটু শেখসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন। পরে পুলিশ চার আসামিকেই গ্রেপ্তার করে।
২৩ এপ্রিল ২০২৫ মামলায় অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়। ১৩ মে যুক্তিতর্ক শেষ হওয়ার পর ১৭ মে রায় ঘোষণা করেন মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান। রায়ে হিটু শেখকে মৃত্যুদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা জরিমানা করা হয়। অপর তিন আসামি সজীব শেখ (১৯), তার ছোট ভাই (১৭) ও মা জাহেদা বেগমকে (৪০) খালাস দেওয়া হয়।
ফৌজদারি কার্যবিধি অনুযায়ী মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য ২১ মে মামলার নথি হাইকোর্টে পাঠানো হয়। যাচাই-বাছাই শেষে পেপারবুক প্রস্তুতের জন্য তা বিজি প্রেসে পাঠানো হয়। প্রস্তুত পেপারবুক ৮ জুন হাইকোর্টে পৌঁছায় এবং পরে শুনানির জন্য বিশেষায়িত বেঞ্চের কার্যতালিকায় ওঠে।