হাইকোর্ট। ফাইল ছবি
কক্সবাজার সমুদ্রসৈকতের প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ), নো ডেভেলপমেন্ট জোন ও সংরক্ষিত পর্যটন এলাকায় সড়ক নির্মাণে হাইকোর্টের দেওয়া আট সপ্তাহের নিষেধাজ্ঞা বহাল রেখেছেন আপিল বিভাগ।
একই সঙ্গে সুপ্রিম কোর্টের অবকাশ শেষে দুই সপ্তাহের মধ্যে এ বিষয়ে জারি করা রুল নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত।
প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ সোমবার এ আদেশ দেন।
আদালতে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মিনহাজুল হক চৌধুরী ও সৈয়দা রিজওয়ানা হাসান। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।
বেলার তথ্যমতে, কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে হোটেল সায়মন পর্যন্ত এলাকায় ‘নগর উন্নয়ন ও নগর শাসন প্রকল্প’-এর আওতায় জাইকার অর্থায়নে প্রায় ১ দশমিক ৬ কিলোমিটার দীর্ঘ সড়ক নির্মাণ শুরু করে কক্সবাজার পৌরসভা। প্রকল্প বাস্তবায়নে সৈকতের বিস্তীর্ণ এলাকা ভরাট করা হয়।
পরিবেশবাদীদের অভিযোগ, সড়ক নির্মাণে উপকূল রক্ষাকারী প্রাকৃতিক বালিয়াড়ি এক্সকাভেটর দিয়ে কেটে ফেলা হয়েছে। এতে সৈকতের জীববৈচিত্র্যের জন্য গুরুত্বপূর্ণ সাগরলতা, লাল কাঁকড়া ও বিভিন্ন সামুদ্রিক প্রাণীর আবাসস্থলও ক্ষতিগ্রস্ত হয়েছে।
বেলা জানায়, এর আগে সুপ্রিম কোর্ট একাধিক রায়ে সমুদ্রসৈকতের প্রতিবেশগত সংকটাপন্ন এলাকায় নতুন স্থাপনা নির্মাণ থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছিলেন। ওই নির্দেশনা উপেক্ষা করে সড়ক নির্মাণের অভিযোগে জনস্বার্থে রিট করা হয়।
রিটের প্রাথমিক শুনানি শেষে গত ২ সেপ্টেম্বর বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমেদ ভূঞার হাইকোর্ট বেঞ্চ সড়ক নির্মাণে আট সপ্তাহের নিষেধাজ্ঞা দিয়ে রুল জারি করেন। পরে রাষ্ট্রপক্ষ ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে।
রায়ের পর আইনজীবী মিনহাজুল হক চৌধুরী বলেন, “হাইকোর্টের দেওয়া নিষেধাজ্ঞা আপিল বিভাগ বহাল রেখেছেন। পাশাপাশি অবকাশকালীন ছুটি শেষে দুই সপ্তাহের মধ্যে রুলের শুনানি সম্পন্ন করার নির্দেশনা দিয়েছেন আদালত।”