‘অবৈধ সম্পদ অর্জন’
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬ ১৮:২১ পিএম
সৈয়দ আবেদ আলী জীবন ও তার ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়াম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অবসরপ্রাপ্ত গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবনের ছেলে ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা সৈয়দ সোহানুর রহমান সিয়ামের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।
ঢাকার বিভাগীয় স্পেশাল জজ বি.এম. তারিকুল কবীরের আদালতে রবিবার সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়।
এদিন সর্বশেষ সাক্ষী হিসেবে মামলার বাদী ও দুদকের উপসহকারী পরিচালক জাকির হোসেনের জবানবন্দি গ্রহণ করা হয়। পরে সিয়ামের পক্ষে আইনজীবী রেজাউল করিম জেরা শেষ করেন।
আসামি সিয়ামের জামিন চেয়ে শুনানি করেন অ্যাডভোকেট রেজাউল করিম। দুদকের পক্ষে প্রসিকিউটর দেলোয়ার জাহান রুমী জামিনের বিরোধিতা করেন। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন। আগামী ২৪ সেপ্টেম্বর আসামির আত্মপক্ষ সমর্থনের শুনানির দিন ধার্য করা হয়েছে।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলাটিতে ১১ জন সাক্ষীর মধ্যে ১১ জনেরই সাক্ষ্য নেওয়া হয়েছে। এর আগে গত ১৭ জুন একই আদালত সিয়ামের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।
সিয়ামের বিরুদ্ধে গত বছরের ৫ জানুয়ারি মামলা করেন দুদকের উপসহকারী পরিচালক জাকির হোসেন। মামলায় ২০২১ সালের ৩ সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত ৩৭ লাখ ৩০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।
মামলার তদন্ত শেষে একই বছরের ৩০ ডিসেম্বর সিয়ামকে অভিযুক্ত করে অভিযোগপত্র জমা দেন জাকির হোসেন। তদন্তে সিয়ামের জ্ঞাত আয় উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৩১ লাখ ৮১ হাজার টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পাওয়া যায়।