জুলাই হত্যাচেষ্টা
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬ ১৭:২৪ পিএম
জুলাইয় হত্যাচেষ্টা মামলায় মোসা. সিমু আক্তার বৃষ্টি ওরফে মিষ্টি সুভাসকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ঢাকার আশুলিয়া থানার বৈষম্যবিরোধী আন্দোলনকেন্দ্রিক হত্যাচেষ্টা মামলায় মোসা. সিমু আক্তার বৃষ্টি ওরফে মিষ্টি সুভাসকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. তাজুল ইসলাম সোহাগ শুনানি শেষে রবিবার এ আদেশ দেন।
এদিন মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপপরিদর্শক আতোয়ার রহমানের আবেদনের পরিপ্রেক্ষিতে মিষ্টি সুভাসকে আদালতে হাজির করা হয়।
এর আগে গত ৯ সেপ্টেম্বর এ মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। ওইদিন আসামির উপস্থিতিতে শুনানির জন্য ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেন আদালত।
শুনানি চলাকালে ক্ষোভ প্রকাশ করে মিষ্টি সুভাস বলেন, “বারবার মামলা না দিয়ে আমাকে গুলি করে মেরে ফেলেন।”
কারাগার থেকে আদালতে আনার পর দুপুর ১২টার দিকে তাকে কাঠগড়ায় নেওয়ার জন্য হাজতখানা থেকে বের করা হয়।
এ সময় অসুস্থ বোধ করে মাথা ঘুরে পড়ে যান তিনি। দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে ধরে আবার হাজতখানায় নিয়ে যান। পরে সুস্থ বোধ করলে তাকে ফের কাঠগড়ায় তোলা হয়।
কাঠগড়ায় দাঁড়িয়ে কথা বলার অনুমতি নিয়ে বিচারকের উদ্দেশে মিষ্টি সুভাস বলেন, “আমি একজন বীরমুক্তিযোদ্ধার সন্তান হিসেবে স্মৃতিসৌধে ফুল দিতে গিয়েছি। এটা তো কোনো অপরাধ হতে পারে না। আমাকে নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে। জামিন পেলেই আমাকে একের পর এক মামলা দেওয়া হচ্ছে। আমি তো কোনো অন্যায় করিনি। বারবার মামলা না দিয়ে আমাকে গুলি করে মেরে ফেলেন।”
আসামিপক্ষে আইনজীবী গোলাম রাব্বানী তাকে গ্রেপ্তার না দেখানোর আবেদন করেন। শুনানি শেষে আদালত তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে গত ২৬ মার্চ জাতীয় স্মৃতিসৌধে ফুল দিতে গিয়ে গ্রেপ্তার হন মিষ্টি সুভাস। পরে তাকে চারটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এসব মামলায় জামিন পাওয়ার পর কারামুক্তির অপেক্ষায় ছিলেন তিনি।
মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট আশুলিয়ার বাইপাইল মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগ দেন কিশোর মো. আবির।
এ সময় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের অস্ত্রধারীরা আন্দোলনকারীদের ওপর হামলা চালায়। তাদের ছোড়া গুলিতে আবির গুরুতর আহত হন।
এ ঘটনায় ২০২৪ সালের ৩১ অক্টোবর আশুলিয়া থানায় হত্যাচেষ্টা মামলা করা হয়।