× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আপসে মিলছে দ্রুত সমাধান অসহায়ের ন্যায়ের আশ্রয়

মাসুদুল হাসান

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬ ২১:১১ পিএম

ছবি: বাসস

ছবি: বাসস

অর্থের অভাবে কোনো মানুষ যেন ন্যায়বিচার থেকে বঞ্চিত না হন, এই লক্ষ্যেই দেশে সরকারি খরচে বিনামূল্যে আইনি সহায়তা দিয়ে আসছে লিগ্যাল এইড অফিস। দেশের প্রতিটি জেলায় প্রাতিষ্ঠানিক কাঠামোর মাধ্যমে কার্যক্রম পরিচালনার পাশাপাশি উচ্চ আদালতেও সেবা বিস্তৃত করেছে প্রতিষ্ঠানটি। আদালতে চলমান ৪৬ লাখের বেশি মামলার জটের বিপরীতে সরকারি আইনি সহায়তার এ কাঠামোকে ‘উজ্জ্বল আলোর রেখা’ হিসেবে দেখছেন আইনজ্ঞরা।

শুধু মামলা পরিচালনা নয়, আপস-মীমাংসা বা বিকল্প বিরোধ নিষ্পত্তির (এডিআর) মাধ্যমেও দ্রুত মানুষের বিরোধ নিষ্পত্তির চেষ্টা করছে লিগ্যাল এইড। এতে একদিকে সময় ও অর্থ সাশ্রয় হচ্ছে, অন্যদিকে দ্রুত ন্যায্য পাওনা বুঝে পাচ্ছেন ভুক্তভোগীরা।

১৯৯৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সরকার প্রজ্ঞাপনের মাধ্যমে জেলা জজদের নেতৃত্বে জেলা লিগ্যাল এইড কমিটি গঠনের মধ্য দিয়ে এ কার্যক্রমের সূচনা করে। তবে সরকারি লিগ্যাল এইড বা আইনি সহায়তা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয় ২০০০ সালের ২৮ এপ্রিল। এরপর থেকে দরিদ্র ও অসহায় মানুষের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে প্রতিষ্ঠানটি।

দেশের প্রতিটি জেলা লিগ্যাল এইড অফিসে প্রতিদিন বিভিন্ন সমস্যা নিয়ে আসছেন অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষ। প্রয়োজন অনুযায়ী তাদের আইনি পরামর্শ, মামলা পরিচালনার জন্য সরকারি খরচে আইনজীবী নিয়োগসহ প্রয়োজনীয় সহায়তা দেওয়া হয়। পাশাপাশি আপস-মীমাংসার মাধ্যমে আদালতের বাইরে বিরোধ নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়। এতে পাওনা বা দাবির অর্থ আদায় করে সংশ্লিষ্ট ব্যক্তিকে বুঝিয়ে দেওয়ার ব্যবস্থাও করা হয়।

বগুড়া জেলা লিগ্যাল এইড অফিসার মো. আবু কাহার বলেন, ‘লিগ্যাল এইডের মূল উদ্দেশ্য হলো অর্থের অভাবে কোনো মানুষ যেন ন্যায়বিচার থেকে বঞ্চিত না হন। আমাদের কাছে অধিকাংশই দরিদ্র-অসহায় মানুষ সেবা নিতে আসেন। আমরা প্রকৃত উপকারভোগীদের সরকারি খরচে আইনগত সহায়তা দিচ্ছি।’

এর সুফল পাচ্ছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। পিরোজপুরের কৃষ্ণনগরের তানজিলা আক্তারের স্বামী মারা যাওয়ার পর তার বেতন ও পেনশনের ৩২ লাখ টাকার অংশ দাবি করেন দেবর। লিগ্যাল এইড অফিসে মামলা করার পর বিষয়টির সমাধান হয়। ভান্ডারিয়ার সুরমা আক্তার যৌতুকের দাবিতে মামলা করে সংসার না করার সিদ্ধান্ত নিলে লিগ্যাল এইডের মাধ্যমে কাবিনের ১ লাখ ৫০ হাজার টাকা পান এবং বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়। একই উপজেলার সাথী আক্তারের স্বামী মালয়েশিয়ায় স্ট্রোকে মারা গেলে দেবর তার ঘর দখল করেন। স্থানীয় সালিশ ও থানায় সমাধান না পেয়ে লিগ্যাল এইডে মামলা করে তিনি প্রতিকার পান।

পিরোজপুর জেলা লিগ্যাল এইড অফিসার (ভারপ্রাপ্ত) সিনিয়র সিভিল জজ মো. রুবেল শেখ বলেন, পারিবারিক ও দেওয়ানি মামলাসহ বিভিন্ন বিষয়ে অসচ্ছলদের সরকারি খরচে আইনগত সহায়তা দেওয়া হয়। ধনী-গরিব নির্বিশেষে সবার জন্য বিকল্প বিরোধ নিষ্পত্তির সুযোগ রয়েছে। মামলা শেষে বিল দাখিল করলে লিগ্যাল এইড অফিস তা পরিশোধ করে। পাশাপাশি যে কেউ এ দপ্তরে এসে আইনগত পরামর্শ নিতে পারেন।

লিগ্যাল এইডের গুরুত্বপূর্ণ আরেকটি কার্যক্রম হলো মধ্যস্থতা। জেলা পর্যায়ে এটি মূলত দুই ধরনের, প্রি-কেস ও পোস্ট-কেস মেডিয়েশন। মামলা দায়েরের আগেই বিরোধ নিষ্পত্তির চেষ্টা করা হয় প্রি-কেস মেডিয়েশনে। বিশেষ করে পারিবারিক ও দাম্পত্য বিরোধে দুই পক্ষকে নোটিস দিয়ে বসানো হয়। সমঝোতা হলে চুক্তিপত্রে উভয় পক্ষ ও লিগ্যাল এইড কর্মকর্তা স্বাক্ষর করেন। ফলে নতুন করে মামলা করার প্রয়োজন হয় না।

মামলা দায়েরের পর মধ্যস্থতার উদ্যোগকে বলা হয় পোস্ট-কেস মেডিয়েশন। আদালত প্রয়োজন মনে করলে মামলা লিগ্যাল এইড অফিসে পাঠাতে পারে। সমঝোতা হলে চুক্তিপত্র আদালতে পাঠানো হয় এবং তার ভিত্তিতে মামলা নিষ্পত্তি হয়।

সম্প্রতি সুপ্রিম কোর্টেও মেডিয়েশন কার্যক্রম চালু হয়েছে। সুপ্রিম কোর্টের প্রধান লিগ্যাল এইড কর্মকর্তা ও অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. ইমতিয়াজুল ইসলাম জানান, প্রধান বিচারপতির সম্মতির পর এ বিষয়ে সার্কুলার জারি হয়েছে। সুনির্দিষ্ট প্রতিকার আইন এবং নেগোশিয়েবল ইন্সট্রুমেন্টস অ্যাক্টের ১৩৮ ধারার চেক ডিজঅনারের মামলা আপসের আওতায় রয়েছে।

তিনি বলেন, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিস শুধু সুপ্রিম কোর্টে চলমান মামলাগুলো নিয়েই কাজ করতে পারবে। কোনো পক্ষ আপসের অনুরোধ করলে বা আদালত স্বপ্রণোদিত হয়ে প্রয়োজন মনে করলে মামলা লিগ্যাল এইডে পাঠানো হতে পারে। সমঝোতা হলে চুক্তিপত্র আদালতে পাঠানো হবে; ব্যর্থ হলে আদালতকে জানানো হবে এবং মামলা স্বাভাবিক প্রক্রিয়ায় চলবে।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, লিগ্যাল এইড সেবা সম্প্রসারণে আইনজীবীদের ফি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও জানান, লিগ্যাল এইড চালুর পর মামলা ফাইলিং ৬২ শতাংশ কমেছে।

তবে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী সাঈদ আহমেদ রাজা মনে করেন, দরিদ্র ও প্রান্তিক মানুষের জন্য লিগ্যাল এইড অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও কার্যক্রমে সীমাবদ্ধতা রয়েছে। তিনি সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডকে অ্যাটর্নি জেনারেল অফিসের অধীনে আনারও পরামর্শ দেন। আইনজ্ঞদের মতে, মামলাজট কমানো এবং দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করতে লিগ্যাল এইডের পরিধি ও সক্ষমতা বাড়ানো গেলে এর সুফল আরও ব্যাপকভাবে মানুষের কাছে পৌঁছাবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা