প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬ ১৪:২৮ পিএম
আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৬ ১৯:২০ পিএম
বাংলাদেশ হাইকোর্ট। ফাইল ছবি
রংপুরের কাউনিয়ায় সুরেশ্বরী মাজারের খাদেম রহমত আলী হত্যা মামলায় মৃত্যুদণ্ড প্রাপ্ত সাত সদস্যের দু’জনের মৃত্যুদণ্ড বহাল ও পাঁচজনকে খালাস দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি সাথিকা হোসেনের হাইকোর্ট বেঞ্চ রবিবার এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ড বহাল দু'জন হলেন মাসুদ রানা ও লিটন মিয়া।
হাইকোর্টে খালাস পাওয়া পাঁচ আসামি হলেন- ইছাহাক আলী, সাখাওয়াত হোসেন ওরফে রাহুল, সরওয়ার হোসেন সাবু ওরফে মিজান, বিজয় ওরফে আলী ওরফে দরজি এবং চান্দু মিয়া। মামলাটি রাষ্ট্রপক্ষে শুনানি করেন সহকারী অ্যাটর্নি জেনারেল আল আমীন সিদ্দিকী।
মামলার নথি অনুযায়ী, মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাত আসামি হলেন- মাসুদ রানা ওরফে মামুন ওরফে মন্ত্রী (৩৩), সদস্য ইছাহাক আলী (৩৪), লিটন মিয়া ওরফে রফিক (৩২), সাখাওয়াত হোসেন ওরফে রাহুল (৩০), সরওয়ার হোসেন সাবু ওরফে মিজান (৩০), উত্তরাঞ্চলের কমান্ডার বিজয় ওরফে আলী ওরফে দরজি (৩০), চান্দু মিয়া (২০)।
অন্যদিকে খালাসপ্রাপ্ত ছয়জন হলেন- আবু সাঈদ (৩০), তৌফিকুল ইসলাম সবুজ (৩৫), সাদাত ওরফে রতন মিয়া (২৩), জাহাঙ্গীর হোসেন ওরফে রাজিব গান্ধী (২৬), বাবুল আখতার ওরফে বাবুল মাস্টার (৩৫) ও রাজিবুল ইসলাম মোল্লা ওরফে বাদল ওরফে বাঁধন (২৫), উল্লেখ করা হয়েছে মামলার নথিতে।
মামলার নথিতে আরও উল্লেখ করা হয়েছে, ১৩ আসামির মধ্যে দুজন পলাতক রয়েছেন। তারা হলেন চান্দু মিয়া ও রাজিবুল ইসলাম মোল্লা ওরফে বাদল ওরফে বাঁধন।
উচ্চ আদালত এ রায়ের পর্যবেক্ষণে বলেন যে, ত্রটিপূর্ণ তদন্তের ওপর ভিত্তি করে বিচারিক আদালত এ মামলার রায় দিয়েছিল।
খালাস পাওয়া আসামি বিজয় ওরফে মো. মোহাদ্দেস আলী ওরফে দরজির আইনজীবী শাহ নেওয়াজ এলিন প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, তার আসামিকেও নামের বিভ্রান্তিতে মামলায় অন্তর্ভুক্ত করা হয়। তবে হাইকোর্ট তাকে খালাস দিয়েছেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ১০ নভেম্বর রাতে রংপুরের কাউনিয়া উপজেলার মধুপুর ইউনিয়নের চৈতার মোড়ের মাজার শরিফের খাদেম রহমত আলীকে বাড়ি ফেরার সময় কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়।
মামলার অভিযোগ অনুযায়ী, নিহত রহমত আলী ছিলেন তরিকাপন্থি সুরেশ্বরী পীরের অনুসারী এবং মাজারের খাদেম। তার বাড়িতেই ছিল দরবার শরিফ। আসামিরা মাজার সংস্কৃতি, ওরস ও তরিকাপন্থি কার্যক্রমকে ধর্মবিরোধী মনে করত। এই কারণে তাকে টার্গেট করে হত্যা করা হয়। হত্যার পরদিন ১১ নভেম্বর তার ছেলে শফিকুল ইসলাম বাদী হয়ে কাউনিয়া থানায় হত্যা মামলা করেন।