প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৪১ পিএম
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত। ফাইল ছবি
প্রেমিকের ব্যবসার জন্য চার লাখ টাকা যৌতুক দাবি এবং তা না দেওয়ায় শারীরিক নির্যাতনের অভিযোগে স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন স্বামী।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল হকের আদালতে বুধবার মামলার আবেদন করা হয়। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে অভিযোগটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য কদমতলী থানা পুলিশকে নির্দেশ দিয়েছেন।
বাদী মো. শামীম মিয়া পেশায় ফার্মেসি ব্যবসায়ী। তার পক্ষে আদালতে শুনানি করেন অ্যাডভোকেট এস এম সবুজ। মামলার বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, রাজধানীর কদমতলী থানার মুরাদপুর এলাকার বাসিন্দা মো. শামীম মিয়া তার স্ত্রী ফাতেমা তুজ জহুরা, স্ত্রীর কথিত প্রেমিক শেখ মো. ইমাম হোসাইন ও শাশুড়ি শাহানাজকে আসামি করে যৌতুক নিরোধ আইনে মামলাটি করেছেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে কদমতলী থানা পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
মামলার অভিযোগে জানা যায়, ২০১৬ সালের ১৫ ডিসেম্বর পারিবারিকভাবে ফাতেমা তুজ জহুরার সঙ্গে শামীমের বিয়ে হয়। বিয়ের পর শামীম জানতে পারেন, তার স্ত্রী বিয়ের আগের সম্পর্কের সূত্র ধরে ইমাম হোসাইনের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছেন। শামীম বাসায় ব্যবসার জমানো টাকা রাখলে, স্ত্রী সেই টাকা থেকে বিভিন্ন সময় প্রেমিক ও তার মাকে দিতেন বলে অভিযোগে উল্লেখ্য করা হয়।
এতে আরও জানায়, স্ত্রীর টাকা নেওয়া বন্ধ করতে চাইলে বৈবাহিক সম্পর্ক বজায় রাখার জন্য তিনি নানা শর্ত দেন এবং বিভিন্ন অজুহাতে টাকা নিতে থাকেন। এভাবে গত দুই বছরে প্রায় চার লাখ টাকা নেওয়ার পর শামীম জমানো টাকা ফেরত চাইলে, তার স্ত্রী ওই টাকা প্রেমিক ও তার মাকে দেওয়ার কথা স্বীকার করেন।
গত ২০ আগস্ট রাতে স্ত্রী ও শাশুড়ি তার কাছে ইমাম হোসাইনের ব্যবসার কথা বলে চার লাখ টাকা যৌতুক দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে গালিগালাজ ও ধাক্কা দিয়ে খাটের ওপর ফেলে দেওয়া হয় বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।