× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রতারণার মামলায় সাজাপ্রাপ্ত বিদিশার জামিন আবেদন নাকচ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬ ১৩:০৫ পিএম

বিদিশা সিদ্দিক। ফাইল ছবি

বিদিশা সিদ্দিক। ফাইল ছবি

ফ্ল্যাট বিক্রির নামে অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা প্রতারণার মামলায় সাজাপ্রাপ্ত বিদিশা সিদ্দিকের জামিন নাকচ করেছেন আদালত।

ঢাকা মহানগর দায়রা জজ মো. শাহজাহান কবির বুধবার শুনানি নিয়ে এই আদেশ দেন।

বিদিশার আইনজীবী মো. আতিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

বিদিশা এরশাদের পক্ষে ঢাকা বারের সভাপতি আনোয়ার জাহিদ ভূঁইয়াসহ কয়েকজন আইনজীবী জামিন চেয়ে শুনানি করেন। জামিনের বিরোধিতা করেন বাদীপক্ষে অ্যাডভোকেট হেমায়েত উদ্দিন খান হিরণ।

পরে বিদিশার আইনজীবী মো. মাহমুদুল কবির বলেন, “আমরা সাজার বিরুদ্ধে আপিল করেছি। আদালত আপিল গ্রহণ করেন। জামিন আবেদন করছিলাম। শুনানিতে বলেছি, বিদিশার বিশেষ চাহিদাসম্পন্ন সন্তান রয়েছে। এছাড়া তিনি একজন নারী। নারী বিবেচনায় জামিন মঞ্জুর করা হোক। কিন্তু তার হাজতবাস কম থাকায় জামিন নাকচ হয়েছে।”

আরেক আইনজীবী মনিরুজ্জামান সবুজ বলেন, “আমরা আপিলের শর্তে জামিন চেয়েছিলাম। তবে আদালত জামিন দেননি। আমরা উচ্চ আদালতে যাব। সেখানে আমরা ন্যায়বিচার পাব।”

গত ২০ মে বিদিশাকে এ মামলায় দুই বছরের সাজার পাশাপাশি ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম।

বিদিশা পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। সেই পরোয়ানা মূলে ২৫ অগাস্ট রাত সাড়ে ৮টার দিকে গুলশানের একটি রেস্তোরাঁ থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাঈদের আদালতে বিদিশার পক্ষে তার আইনজীবী আপিলের শর্তে জামিন প্রার্থনা করেন। তবে আদালত জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার নথিপত্র থেকে জানা যায়, ২০০১ সালে বারিধারার ‘প্রেসিডেন্ট পার্ক’-এর একটি ফ্ল্যাট বিক্রির জন্য ব্যবসায়ী মোশাররফ হোসেনের সঙ্গে ৮০ লাখ টাকার চুক্তি করেন বিদিশা। চুক্তির অংশ হিসেবে ওই বছরের ১০ জুলাই বিদিশার নির্দেশে তার বন্ধু আব্দুল রাজ্জাকের নামে ৭৫ লাখ টাকার পে-অর্ডার দেন বাদী। বায়নানামা অনুযায়ী, রাজউকের অনুমোদন সাপেক্ষে ২০০২ সালের ১০ জুলাইয়ের মধ্যে ফ্ল্যাটটি বুঝিয়ে দেওয়ার কথা ছিল।

তবে দীর্ঘ সময় পার হলেও ফ্ল্যাট বুঝিয়ে না দেওয়ায় বাদী টাকার জন্য চাপ দেন। পরে ২০০৫ সালের ৯ ফেব্রুয়ারি বিদিশা বাদীকে ৭২ লাখ টাকার একটি চেক প্রদান করেন। কিন্তু ব্যাংক হিসাবে পর্যাপ্ত টাকা না থাকায় চেকটি ডিজঅনার হয়।

বাদীর অভিযোগ, টাকা ফেরত চাইলে বিদিশা তাকে বিভিন্ন সময় অজুহাত দেখিয়ে সময়ক্ষেপণ করেন এবং সন্ত্রাসী দিয়ে হত্যার হুমকি দেন। এমনকি সাবেক রাষ্ট্রপতি এরশাদের কাছ থেকে টাকা আদায় না হওয়া পর্যন্ত বাদীকে অপেক্ষা করতে হবে বলেও জানানো হয়।

 এই ঘটনায় ২০০৮ সালের ফেব্রুয়ারিতে গুলশান থানায় মামলাটি দায়ের করেছিলেন ভুক্তভোগী ব্যবসায়ী মোশাররফ হোসেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা