× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাক্ষী না আসায় পেছাল জুলাই অভ্যুত্থানে রামপুরা হত্যা মামলার সাক্ষ্য

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬ ১১:৫৪ এএম

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৬ ১১:৫৪ এএম

 আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ফাইল ছবি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ফাইল ছবি

জুলাই গণঅভ্যুত্থানের সময় ঢাকার রামপুরায় ২৮ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্যগ্রহণের নির্ধারিত তারিখ পিছিয়েছে।

সাক্ষী উপস্থিত না থাকায় বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আগামী ১৬ সেপ্টেম্বর পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর সদস্য বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরীর একক বেঞ্চে এ আদেশ দেওয়া হয়।

প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।

এদিন রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর তাসমিরুল ইসলাম। তার সঙ্গে ছিলেন প্রসিকিউটর মিজানুল ইসলাম, মোহাম্মদ অলি মিয়াসহ অন্য কৌঁসুলিরা।

শুনানিতে প্রসিকিউটর তাসমিরুল ইসলাম বলেন, মামলাটিতে বুধবার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। তবে সাক্ষী উপস্থিত না হওয়ায় তিনি ১৫ দিন সময় চান। পরে বিচারক আসামিপক্ষের আইনজীবীদের আপত্তি আছে কি না জানতে চান। আপত্তি না থাকায় ১৬ সেপ্টেম্বর পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।

এ মামলায় এর আগে গত ২০ আগস্ট ১২ নম্বর সাক্ষী হিসেবে জবানবন্দি দেন তেজগাঁও কলেজের শিক্ষার্থী রাতুল হাসান।

জুলাই আন্দোলনের সময় রামপুরা-বনশ্রী এলাকায় গুলিতে আহত হওয়ার বর্ণনা দিয়ে তিনি ট্রাইব্যুনালে বলেন, গুলিতে তার বাম পায়ের হাঁটুর নিচের হাড় ভেঙে চুরমার হয়ে যায়।

মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয় চলতি বছরের ২০ জানুয়ারি। সেদিন প্রসিকিউশনের সূচনা বক্তব্যের পর সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

প্রথমদিকে রামপুরায় আন্দোলন চলাকালে নিহত গঙ্গাচরণ রাজবংশীর ছেলে বিশ্বজিৎ রাজবংশী সাক্ষ্য দেন।

পরবর্তী সময়ে প্রত্যক্ষদর্শী ও আহত ব্যক্তিদের জবানবন্দিতে আন্দোলনকারীদের ওপর গুলি, আহতদের চিকিৎসা এবং হতাহতের বিভিন্ন ঘটনার বিবরণ উঠে আসে।

গত ২০ মে এক প্রত্যক্ষদর্শী ট্রাইব্যুনালে জবানবন্দি দিয়ে দাবি করেন, ২০২৪ সালের ১৯ জুলাই রামপুরা-বনশ্রী এলাকায় পুলিশ ও বিজিবির সদস্যদের গুলি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করতে দেখেছেন তিনি।

তার ভাষ্য অনুযায়ী, গুলিতে আহত কয়েকজনকে সড়কে রক্তাক্ত অবস্থায় ছটফট করতে দেখেন। পরে দুটি হাসপাতালে গিয়ে গুলিবিদ্ধ বহু মানুষ এবং কয়েকটি মরদেহ দেখার কথাও জানান তিনি।

রামপুরায় ২৮ জন নিহতের ঘটনায় করা এ মামলায় আসামি চারজন।

তারা হলেন বিজিবির সাবেক কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রেদোয়ানুল ইসলাম, মেজর মো. রাফাত বিন আলম মুন, ডিএমপির খিলগাঁও অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. রাশেদুল ইসলাম এবং রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান। রেদোয়ানুল ও রাফাত গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। অন্য দুজন পলাতক। 

এর আগে ২০২৫ সালের ৮ অক্টোবর চার আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন।

অভিযোগ আমলে নিয়ে ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরে ২৪ ডিসেম্বর চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেওয়া হয়। 

প্রসিকিউশনের অভিযোগ, ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন দমনে রামপুরা এলাকায় ব্যাপক সহিংসতা ও হত্যাকাণ্ড ঘটে। ওই সময়ে ২৮ জন নিহত হন এবং আহত হন আরও অনেকে। তদন্তসংশ্লিষ্ট তথ্যের ভিত্তিতে আসামিদের বিরুদ্ধে হত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিভিন্ন অভিযোগ আনা হয়েছে।

প্রসিকিউশনের দাবি, ঘটনাস্থলে বিজিবির কর্মকর্তা রেদোয়ানুলকে আন্দোলনকারীদের লক্ষ্য করে সরাসরি গুলি চালাতে দেখা যায়। 

মামলাটির বিচারপর্বে ইতোমধ্যে একাধিক সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হয়েছে। এখন পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য ১৬ সেপ্টেম্বর দিন নির্ধারিত হওয়ায় ওই দিন থেকে আবারও সাক্ষ্য নেওয়ার কার্যক্রম এগিয়ে নেওয়ার কথা রয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা