মহানগর দায়রা জজ আদালত। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ঢাকার কদমতলী থানার এলাকায় অটোরিকশাচালক ইমন কাজীকে হত্যা ও মরদেহ গুমের মামলায় মো. আল-আমিন শেখকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক মোহাম্মদ মঈন উদ্দীন চৌধুরী সোমবার এ রায় ঘোষণা করেন।
পাশাপাশি হত্যাকাণ্ডের আলামত নষ্ট ও মরদেহ গুমের দায়ে দণ্ডবিধির ২০১ ধারায় আল-আমিনকে আরও তিন বছরের সশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে এক মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
তবে দুই দণ্ড একসঙ্গে কার্যকর হবে। আসামির হাজতবাসের সময় মূল কারাদণ্ড থেকে বাদ যাবে।
রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) জহিরুল ইসলাম কাইউম।
মামলার এজাহার ও তদন্তসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, ইমন কাজী ব্যাটারিচালিত অটোরিকশা চালাতেন। ২০২৩ সালের ৩০ মে সন্ধ্যায় অটোরিকশা নিয়ে বের হওয়ার পর তিনি নিখোঁজ হন। রাত ৯টার পর তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
পরে গেণ্ডারিয়া থানার ফরাশগঞ্জ মাজারসংলগ্ন এলাকা থেকে তার ব্যাটারি ও চালকবিহীন অটোরিকশা উদ্ধার করা হয় বলেও এজাহারে উল্লেখ করা হয়।
নিখোঁজের চার দিন পর ৩ জুন রাতে পশ্চিম মোহাম্মদবাগের সোনামাবিয়া জামে মসজিদসংলগ্ন হাজী সোনা মিয়ার পতিত জমির ডোবা থেকে হাত-পা বাঁধা ও বস্তাবন্দি অবস্থায় ইমনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় তার বাবা মো. লিটন বাদী হয়ে কদমতলী থানায় হত্যা মামলা করেন।
তদন্তে উঠে আসে, পরকীয়ার সন্দেহ এবং ধার দেওয়া পাঁচ হাজার টাকা নিয়ে বিরোধের জেরে ইমনকে হত্যার পরিকল্পনা করেন আল-আমিন। ৩০ মে সন্ধ্যায় নিজের ভাড়াবাসায় ডেকে এনে কোকের সঙ্গে ঘুমের ওষুধ খাওয়ানোর পর গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে তাকে হত্যা করা হয়।
পরদিন বস্তা ও রশি কিনে মরদেহ বস্তাবন্দি করে রিকশাযোগে নির্জন ডোবায় ফেলে দেওয়া হয় বলেও উঠে আসে তদন্তে।
তথ্যপ্রযুক্তির সহায়তায় ২০২৩ সালের ৫ জুন বরিশালের হিজলা উপজেলার গোবিন্দপুর ধমা গ্রাম থেকে আল-আমিনকে গ্রেপ্তার করে পুলিশ।
পরে তার ভাড়াবাসা থেকে রক্তমাখা বিছানার চাদর ও ইমনের ব্যবহৃত স্মার্টফোন উদ্ধার করা হয়। আল-আমিন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
তদন্ত শেষে ২০২৪ সালের ১৪ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। বিচার চলাকালে রাষ্ট্রপক্ষে ১০ জন সাক্ষী সাক্ষ্য দেন।
সাক্ষ্য-প্রমাণ, ময়নাতদন্ত প্রতিবেদন, আসামির স্বীকারোক্তি এবং তার হেফাজত থেকে উদ্ধার করা আলামতের ভিত্তিতে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত অভিযুক্তকে এ দণ্ড দেন।
অভিযোগ গঠনের পর ১২ কার্যদিবসে মামলাটির রায় ঘোষণা করা হয়। রায়ের পর আল-আমিনকে সাজা পরোয়ানামূলে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।