প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬ ২১:০২ পিএম
প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। ছবি: সংগৃহীত
রায় লেখার ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এর ওপর নির্ভর করা অনুচিত বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। তিনি বলেন, বিচারিক সিদ্ধান্তে বিচারকের নিজস্ব বুদ্ধি, বিবেক ও চিন্তাশক্তির প্রয়োগ অপরিহার্য।
ঢাকার এশিয়াটিক সোসাইটি বাংলাদেশ মিলনায়তনে শনিবার ‘এআই গভর্নেন্স সামার স্কুল ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিচারকদের উদ্দেশে প্রধান বিচারপতি বলেন, একটি রায় লেখার ক্ষেত্রে প্রথমে মামলার প্রকৃত ঘটনা বা তথ্য বুঝতে হবে। এরপর সেই তথ্যের ওপর প্রযোজ্য আইন বা আইনের সংশ্লিষ্ট ধারা প্রয়োগ করতে হবে। সবশেষে তথ্য ও আইনের ভিত্তিতে সিদ্ধান্তে পৌঁছাতে বিচারকের নিজস্ব বিবেক ও বিচারবোধ প্রয়োজন।
তিনি বলেন, “এই বিবেক আপনি এআই দিয়ে নিয়ন্ত্রণ করতে পারবেন না। বিবেক মানুষের নিজের। এটি আপনার চিন্তাশক্তির অংশ।”
এআইয়ের ভবিষ্যৎ অসীম উল্লেখ করে প্রধান বিচারপতি বলেন, “এর ব্যবহার আমাদের জানতে হবে।
“আমরা কতটা প্রয়োগ করতে পারব, সে ব্যবহারটা জানতে গিয়ে যে বিষয়টি আমার মনে হয় খুব প্রয়োজন, সেটা হলো এর ইতিবাচক ও নেতিবাচক—দুই দিকই রয়েছে।”
ব্রিটেনের একটি মামলার রায়ের উদাহরণ দিয়ে প্রধান বিচারপতি বলেন, “আমি পত্রিকায় দেখেছি, বিলাতে একটি মামলায় আরেকটি মামলার রেফারেন্স দেওয়া হয়েছিল। সেই রেফারেন্স জজ সাহেব গ্রহণ করে তাদের পক্ষে রায় দেন। এরপর তিন-চারটি আদালতে সেই রায় অনুসরণ করা হয়। কিছুদিন পর গবেষণা করে দেখা গেল, এ ধরনের কোনো মামলারই অস্তিত্ব নেই। তখন বিচারক খুব বিব্রত বোধ করেন। কিন্তু ততক্ষণে রায় দেওয়া হয়ে গেছে।”
তিনি বলেন, এআইয়ের ঝুঁকি হচ্ছে, এটি যাচাই না করে ব্যবহার করা খুব কঠিন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ডিন ড. মোহাম্মদ একরামুল হক। স্বাগত বক্তব্য দেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার তাসনোভা শেলী।
তিনি বলেন, “বাংলাদেশের প্রেক্ষাপটে এআই ব্যবহার করতে হবে। তবে এআই ব্যবহারের কারণে দেশের ইতিহাস ও ঐতিহ্য যেন বিস্মৃত না হয়, সেদিকেও নজর রাখতে হবে।”