প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬ ১৭:৪২ পিএম
আপডেট : ২৭ আগস্ট ২০২৬ ১৮:৩১ পিএম
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. হাবিবুল গনি। ফাইল ছবি
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. হাবিবুল গনিকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় বৃহস্পতিবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি হাইকোর্ট বিভাগে কর্মরত বিচারপতি মো.হাবিবুল গনিকে শপথ গ্রহণের তারিখ থেকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন।
প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগে অন্য চার বিচারপতি হলেন—বিচারপতি মো. রেজাউল হক, বিচারপতি এস এম এমদাদুল হক, বিচারপতি ফারাহ মাহবুব এবং নবনিযুক্ত বিচারপতি মো. হাবিবুল গনি।
বিচারপতি হাবিবুল গনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এমএসএস এবং আইন বিষয়ে ডিগ্রি সম্পন্ন করেন।
১৯৮৯ সালের ৩ এপ্রিল তিনি জেলা আদালতের আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন। এরপর ১৯৯২ সালের ১১ এপ্রিল সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।
২০১০ সালের ১৮ এপ্রিল হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিযুক্ত হন হাবিবুল গনি। ২০১২ সালের ১৫ এপ্রিল স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান।
দীর্ঘ এক যুগেরও বেশি সময় হাইকোর্ট বিভাগে দায়িত্ব পালনের পর তিনি এখন আপিল বিভাগে উন্নীত হলেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, গুরুত্বপূর্ণ সাংবিধানিক, দেওয়ানি ও ফৌজদারি মামলার বিপুল জট নিরসনে আপিল বিভাগে বিচারক সংখ্যা বৃদ্ধি ইতিবাচক ভূমিকা রাখবে। নতুন বিচারপতির নিয়োগের ফলে বিচারাধীন থাকা গুরুত্বপূর্ণ মামলাগুলোর নিষ্পত্তি আরও ত্বরান্বিত হবে বলে আশা করা হচ্ছে।