ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৩ ১৪:৩০ পিএম
আপডেট : ০৬ জানুয়ারি ২০২৩ ১৬:০২ পিএম
আইনমন্ত্রী আনিসুল হক। ছবি : প্রবা
ব্রাহ্মণবাড়িয়া জজ কোর্টের বিচারকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের বিষয়টি বিচারাধীন রয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক।
শুক্রবার (৬ জানুয়ারি) নিজ সংসদীয় এলাকায় সফরে আসলে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
বিএনপির জ্যেষ্ঠ নেতাদের জামিনের বিষয়ে আনিসুল হক বলেন, 'বিএনপি নেতাদের জামিন নিয়ে সরকারের কোনো হস্তক্ষেপ নেই, সরকার আদালতের কোনো কাজে হস্তক্ষেপ করে না।'
তিনি বলেন, ‘মামলা আদালতে চলছে, আদালত স্বাধীনভাবে তাদের সিদ্ধান্ত নিচ্ছেন। আমি অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে জেনেছি হাইকোর্টে বিএনপি নেতাদের যে জামিন দেওয়া হয়েছিল, সেখানে কিছু আইনের ব্যত্যয় ঘটেছে। সেজন্য তিনি আপিল বিভাগে গেছেন।’
এদিকে ব্রাহ্মণবাড়িয়া জজ কোর্টের তিনজন আইনজীবীকে হাইকোর্টে তলব ও জেলা জজ কোর্টের বিচারকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, ‘বিচার বিভাগ স্বাধীন, প্রধান বিচারপতির কাছে ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতের জেলা জজ ও অন্য বিচারকরা অভিযোগ করেছেন, ভিডিও পাঠিয়েছেন। সেখানে দেখা গেছে, একজন বিচারকের প্রতি তাদের আচরণ খুব খারাপ ছিল, সেটা আমি শুনেছি। এখন কথা হচ্ছে, সেই পরিপ্রেক্ষিতে হাইকোর্ট একটা কনটেন্ট রুল ইস্যু করেছে। এখন এটা বিচারাধীন ব্যাপার, আদালত বিচার করবে।’
এ সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো. শাহগীর আলম, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা, কসবা সার্কেল সহকারী পুলিশ সুপার কামরুল ইসলাম, আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক পৌর মেয়র তাকজিল খলিফা কাজলসহ যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।