প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬ ১৬:৩১ পিএম
আপডেট : ২৫ আগস্ট ২০২৬ ১৬:৩৩ পিএম
শুনানির সময় মঙ্গলবার আসামি আদিলকে আদালতে হাজির করা হয়। ফাইল ছবি
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসক ডা. মো. আসাদুর রহমানের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার আসামি আদিলের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাত মঙ্গলবার এ আদেশ দেন।
গত ১৯ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপ-পরিদর্শক মো. আতিকুজ্জামান দশ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য এদিন ধার্য করেন।
মঙ্গলবার শুনানির সময় আসামিকে আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। তবে আসামি পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।
মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ১৭ আগস্ট শান্তিনগর এলাকার পপুলার ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখা শেষে মোহাম্মদপুরের নিজ বাসায় যাওয়ার উদ্দেশে সেখান থেকে বের হন অধ্যাপক মো. আসাদুর রহমান।
এ সময় পল্টন মডেল থানাধীন শান্তিনগর এলাকায় আসামি জীবন ওরফে আদিলসহ অজ্ঞাতপরিচয় ৫-৬ জন আসামি পূর্বপরিকল্পিতভাবে বেআইনিভাবে জনতাবদ্ধ হয়ে তার সিএনজির গতিরোধ করে। আসামিরা তাকে টেনেহিঁচড়ে সিএনজি থেকে বের করেন। এ সময় আসামি জীবন ওরফে আদিল তার ডান চোখে সজোরে ঘুষি মেরে গুরুতর রক্তাক্ত জখম করেন।
এ ঘটনায় ১৮ আগস্ট রাজধানীর পল্টন থানায় ডা. মো. আসাদুর রহমান বাদী হয়ে মামলা করেন।