নুসরাত হত্যা মামলা
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬ ১৪:৩৩ পিএম
আপডেট : ২৪ আগস্ট ২০২৬ ১৫:৪৯ পিএম
হাইকোর্ট। ফাইল ছবি
নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যা মামলায় আইনি প্রক্রিয়া সঠিকভাবে অনুসরণ না করে রায় দেওয়ায় সংশ্লিষ্ট নিম্ন আদালতের বিচারককে বিচারিক কার্যক্রম থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
একই সঙ্গে মামলায় অভিযুক্ত ১৬ জনের ডেথ রেফারেন্স ও আপিলের রায়ে দুই আসামির মৃত্যুদণ্ড বহাল রেখে ১০ জনকে খালাস এবং চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন উচ্চ আদালত।
রায়ে আদালত বলেছেন, বিচারিক আদালত এভাবে নির্বিচারে ফাঁসি দিতে গিয়ে যেভাবে প্রতিটা পরিবারের ওপর একটা ডিভাস্টেটিং ইফেক্ট (বিপর্যয়) নেমে এসেছে, এইজন্য তার বিচারিক ক্ষমতা কেড়ে নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো এবং তাকে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করতে নির্দেশ দেওয়া হলো।
২০১৯ সালের ২৪ অক্টোবর নুসরাত হত্যা মামলার রায় ঘোষণা করেন ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মামুনুর রশিদ।
আলোচিত সে রায়ে মামলার প্রধান আসামি সোনাগাজী ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার বরখাস্ত হওয়া অধ্যক্ষ সিরাজ উদদৌলাসহ ১৬ আসামির সবাইকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এছাড়া প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়।