প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬ ১৫:১৬ পিএম
আপডেট : ২৩ আগস্ট ২০২৬ ১৫:২১ পিএম
সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। ফাইল ছবি
ঢাকার বনানী থানায় অস্ত্র আইনে দায়ের করা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে।
আগামী ২৪ সেপ্টেম্বর এ বিষয়ে পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত।
ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মঈন উদ্দিন চৌধুরী নতুন রবিবার এ দিন ধার্য করেন।
এদিন আনিসুল হককে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
আনিসুল হকের আইনজীবী ব্যারিস্টার সুমন হোসেন বলেন, মামলা-সংক্রান্ত কিছু কাগজপত্র সংগ্রহ করা বাকি থাকায় আদালতের কাছে সময় চাওয়া হয়েছিল। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে আগামী ২৪ সেপ্টেম্বর পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেছেন।
তিনি দাবি করেন, “যেই অস্ত্রটি নিয়ে মামলাটি হয়েছে, সেটি আসলে আনিসুল হকের বৈধ অস্ত্র।” অস্ত্রের কাগজপত্র পরবর্তী ধার্য তারিখে আদালতে উপস্থাপন করা হবে বলেও জানান তিনি।
গত বছর ২৪ মে বনানী থানার এসআই মো. জানে আলম দুলাল অস্ত্র মামলাটি দায়ের করেন। তদন্ত শেষে আনিসুল হককে অভিযুক্ত করে অভিযোগপত্র দেয় বনানী থানা পুলিশ।
মামলার এজাহার অনুযায়ী, আনিসুল হকের নামে লাইসেন্সপ্রাপ্ত একটি পিস্তল রয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যক্তিগত নিরাপত্তার জন্য দেওয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করে ২০২৪ সালের ৩ সেপ্টেম্বরের মধ্যে অস্ত্র জমা দেওয়ার নির্দেশ দিলেও তিনি ২০২৫ সালের ৫ মে পর্যন্ত অস্ত্রটি থানায় জমা দেননি বা থানাকে অবহিত করেননি বলেও উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় তার বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(১) ধারায় অপরাধের অভিযোগ আনা হয়।