ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ও ইনসেটে যুব মহিলা লীগের কেন্দ্রীয় সহসভাপতি সৈয়দ মোনালিসা ইসলাম। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ
ঢাকার নিউমার্কেটে বৈষম্যবিরোধী আন্দোলনে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় যুব মহিলা লীগের কেন্দ্রীয় সহসভাপতি সৈয়দ মোনালিসা ইসলামের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ বৃহস্পতিবার এ আদেশ দেন।
সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী মোনালিসাকে জিজ্ঞাসাবাদের জন্য এ রিমান্ড দেওয়া হয়।
এদিন মোনালিসাকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা ডিবির রমনা জোনাল টিমের পরিদর্শক আমজাদ হোসেন তালুকদার সাত দিনের রিমান্ড আবেদন করেন।
আসামিপক্ষের আইনজীবী তরিকুল ইসলাম রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে।
শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
অ্যাডভোকেট তরিকুল ইসলাম বলেন, “মেহেরপুরের ৮ মামলায় এবং ঢাকায় করা দুদকের এক মামলায় উচ্চ আদালত থেকে জামিন পান মোনালিসা ইসলাম। তিনি যখনই কারামুক্ত হবেন ঠিক তখনই মুক্তি আটকাতে তাকে এই হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়।
“আজ তাকে রিমান্ডে নেওয়া হলো। যা সম্পূর্ণ অযৌক্তিক এবং ন্যায়বিচারের পরিপন্থী। এ নিয়ে তার নামে মোট দশটি মামলা করা হলো।”
মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে নিউমার্কেট থানাধীন নীলক্ষেত এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ নিহত হন।
তার (ওয়াদুদ) শ্যালক আব্দুর রব ২১ আগস্ট নিউমার্কেট থানায় হত্যা মামলা করেন। এতে শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ ১৩০ জনকে আসামি করা হয়।
গত বছরের ১৬ ফেব্রুয়ারি গভীর রাতে ঢাকার ইস্কাটন রোডের একটি বাড়ি থেকে মোনালিসাকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে আটক আছেন।