প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৬ ১৭:০৩ পিএম
শরীফ ওসমান হাদি। ফাইল ছবি
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আবারও পিছিয়েছে। আদালত প্রতিবেদন জমার জন্য আগামী ২৭ সেপ্টেম্বর নতুন তারিখ নির্ধারণ করেছে।
মামলার তদন্ত প্রতিবেদন বৃহস্পতিবার দাখিলের দিন ধার্য ছিল। তবে তদন্ত কর্মকর্তা সিআইডির সহকারী পুলিশ সুপার আবদুর কাদির ভূঁঞা প্রতিবেদন দাখিল করতে না পারায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত নতুন এই তারিখ ঠিক করেন। আদালতের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) রুকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্র জানায়, গত ৬ জানুয়ারি এই মামলায় ১৭ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র (চার্জশিট) জমা দিয়েছিল ডিবি পুলিশ। তবে সেই তদন্তে অসন্তোষ জানিয়ে মামলার বাদী ও ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের আদালতে ‘নারাজি’ আবেদন দাখিল করেন। গত ১৫ জানুয়ারি আদালত আবেদনটি মঞ্জুর করে সিআইডিকে মামলাটি অধিকতর তদন্তের নির্দেশ দেন।
সিআইডি তদন্তভার পাওয়ার পর এই মামলার প্রধান আসামি করিম মাসুদ ওরফে রাহুলের ঘনিষ্ঠ সহযোগী ফয়সাল রুবেল আহমেদকে গ্রেপ্তার করা হয়। দুই দফায় ১২ দিনের রিমান্ড শেষে আদালতে ‘স্বীকারোক্তিমূলক জবানবন্দি’ দিয়েছেন রুবেল। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।
মামলার এজাহার অনুযায়ী, গত ১২ ডিসেম্বর জুমার নামাজ শেষে মতিঝিলে নির্বাচনি প্রচারণা চালিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাচ্ছিলেন শরীফ ওসমান হাদি। দুপুর ২টা ২০ মিনিটের দিকে পল্টনের বক্স কালভার্ট এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে আসা দুষ্কৃতকারীরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় হাদিকে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর মারা যান শরীফ ওসমান হাদি।