সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক। ছবি: বাসস
জামিনে কারামুক্ত হয়েছেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক।
ঢাকার কেরানীগঞ্জের বিশেষ কেন্দ্রীয় কারাগার থেকে বুধবার বিকাল সোয়া ৪টার দিকে তিনি মুক্তি পান।
বিষয়টি নিশ্চিত করেছেন কারা সদর দপ্তরের অতিরিক্ত কারা মহাপরিদর্শক মো. জাহাঙ্গীর কবির।
আইনজীবী মোনায়েম নবী শাহিন জানান, মুক্তির পর খায়রুল হককে তার ধানমন্ডির বাসায় নেওয়া হয়েছে। চিকিৎসার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হবে।
গত বছরের ২৪ জুলাই ধানমন্ডির বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পরে বিভিন্ন সময়ে ৯টি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। গত ১০ আগস্ট বনানী থানার মামলায় হাইকোর্ট তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেন। পৃথক আট মামলায় জামিন পাওয়ার পরও ওই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করে তদন্ত সংস্থা।
সবশেষ ১৭ আগস্ট হত্যাচেষ্টা ও বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় তার জামিন বহাল রাখেন আপিল বিভাগ। ফলে কারামুক্তির পথ খুলে যায়। তবে আদালতের অনুমতি ছাড়া দেশত্যাগ করতে পারবেন না খায়রুল হক। পাশাপাশি সুনির্দিষ্ট মামলা ছাড়া তাকে গ্রেপ্তার বা হয়রানি না করার হাইকোর্টের আদেশও বহাল রয়েছে।