সালাম মুর্শেদী। ফাইল ছবি
গুলশান-২ আবাসিক এলাকার ২৭ কাঠা সরকারি প্লট আত্মসাতের মামলায় সাবেক সংসদ সদস্য সালাম মুর্শেদীসহ ১৩ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পিছিয়ে আগামী ২১ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত।
ঢাকার বিশেষ জজ আদালত-৯-এর বিচারক মো. আব্দুস সালাম বুধবার এ দিন ধার্য করেন।
এদিন মামলার সাক্ষ্যগ্রহণের জন্য দিন নির্ধারিত থাকলেও কোনো সাক্ষী আদালতে উপস্থিত না হওয়ায় নতুন তারিখ দেওয়া হয়।
এর আগে গত ৬ জুলাই আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।
মামলার অপর আসামিদের মধ্যে রয়েছেন রাজউকের সাবেক চেয়ারম্যান হুমায়ুন খাদেম, প্রকৌশলী এম আজিজুল হক, সাবেক উপপরিচালক (এস্টেট) মো. আজহারুল ইসলাম, সাবেক তত্ত্বাবধায়ক মো. হাবিব উল্লাহ, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক সহকারী সচিব আবদুস সোবহান এবং কক্সবাজারের রামুর বাসিন্দা মীর মোহাম্মদ হাসান ও তার ভাই মীর মো. নুরুল আফছার।
গুলশানে পরিত্যক্ত প্লট দখলের অভিযোগে রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ১১ জনের বিরুদ্ধে ২০২৪ সালের ৬ ফেব্রুয়ারি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
ওই মামলায় সালাম মুর্শেদীকে আসামি করা হয়নি। পরে গত ৩১ ডিসেম্বর সালাম মুর্শেদীসহ ১৩ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেয় দুদক।
মামলার অভিযোগপত্রে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ও সরকারি কর্মচারী হিসেবে ক্ষমতার অপব্যবহার করে অসৎ উদ্দেশ্যে গুলশান আবাসিক এলাকার সিইএন (ডি) ২৭, হোল্ডিং-২৯, রোড-১০৪-এর ২৭ কাঠা পরিত্যক্ত সরকারি সম্পত্তি অবমুক্ত না করেই জাল-জালিয়াতির মাধ্যমে মিথ্যা রেকর্ডপত্র তৈরি করেন।
পরে হস্তান্তর অনুমতি ও নামজারি অনুমোদনের মাধ্যমে সরকারি সম্পত্তি আত্মসাতের সুযোগ তৈরি করা হয় বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।
২০২৫ সালের ১ অক্টোবর সালাম মুর্শেদীকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।