× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মানারাত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাসিম হত্যা: বন্ধু আসিফের মৃত্যুদণ্ড

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬ ১৬:৪৭ পিএম

মহানগর দায়রা জজ আদালত। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মহানগর দায়রা জজ আদালত। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রাজধানীর পূর্ব বাড্ডা এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রায় ৯ বছর আগে মানারাত বিশ্ববিদ্যালয়ের বিবিএ শিক্ষার্থী নাসিম আহাম্মদ ইমাদ উদ্দিনকে হত্যার দায়ে বন্ধু আসিফ শিকদারকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

ঢাকার ৭ম অতিরিক্ত মহানগর দায়রা জজ তাওহীদা আক্তার মঙ্গলবার এ রায় দেন।

মৃত্যুদণ্ডের পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডও করা হয়। আসিফ পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী তানজীল হোসেন ভূঁইয়া সাজার তথ্য নিশ্চিত করেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৭ সালের ৫ নভেম্বর রাত ৯টার দিকে পূর্ব বাড্ডা পোস্ট অফিস গলির একটি ফ্লেক্সিলোডের দোকানের সামনে দিয়ে যাচ্ছিলেন নাসিম। সেখানে কয়েকজনের চিৎকার-চেঁচামেচি শুনে তিনি তাদের থামতে বলেন।

সেখানে থাকা রমজান তাকে জানান, তারা টেলিভিশনে ক্রিকেট খেলা দেখা নিয়ে বাজি ধরছিলেন। নাসিম তাদের বাজি ও চিৎকার-চেঁচামেচি করতে নিষেধ করলে এ নিয়ে তাদের মধ্যে তর্কাতর্কি হয়।

আসিফ একপর্যায়ে রমজানকে থাপ্পড় মারেন। বিষয়টি নিয়ে রমজানসহ কয়েকজন আসিফের বাসায় গিয়ে তাকে হুমকি দেন। পরে আসিফও তাদের ফোন করে হুমকি দেন।


পরদিন ৬ নভেম্বর সকাল সাড়ে ৯টার দিকে বাজার করার জন্য আসিফ বাসা থেকে নিচে নামলে নাসিমের সঙ্গে তার আবার বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে আসিফ ধারালো ছুরি দিয়ে নাসিমকে আঘাত করেন।

রক্তাক্ত অবস্থায় নাসিম দৌড়ে বাসার নিচে গিয়ে লুটিয়ে পড়েন। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক নাসিমকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নাসিমের বাবা গ্রিন ডেল্টা ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ডেপুটি ভাইস প্রেসিডেন্ট আলী আহাম্মদ সাইফুদ্দিন ওইদিনই বাড্ডা থানায় আসিফ, রমজান, আব্দুর রশীদের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৩/৪ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

মামলার তদন্ত শেষে গুলশান জোনাল টিমের পরিদর্শক আব্দুস সোবহান ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর আসিফকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন। তবে রমজান, আব্দুর রশীদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের অব্যাহতির সুপারিশ করা হয়।

২০২২ সালের ১৯ জানুয়ারি আসিফের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।

মামলার বিচার চলাকালে আদালত ২০ জন সাক্ষীর মধ্যে ১৪ জনের সাক্ষ্য গ্রহণ করেন। আসিফ পলাতক থাকায় ২০২২ সালের ১৯ মে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা