কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও বাগেরহাট-৪ আসনের সাবেক সংসদ সদস্য আমিরুল আলম। ছবি: সংগৃহীত
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও বাগেরহাট-৪ আসনের সাবেক সংসদ সদস্য আমিরুল আলম মিলনকে জুলাই আন্দোলন কেন্দ্রিক ঝুট ব্যবসায়ী মো. মনির হোসেন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত সোমবার তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।
এর আগে ১৫ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক মো. মাইনুল ইসলাম খান পুলক তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
আবেদনে বলা হয়, ঘটনার সঙ্গে আমিরুল আলম মিলনের সরাসরি সম্পৃক্ততার সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশীদ এ তথ্য নিশ্চিত করেন।
মামলার অভিযোগে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট জুলাই আন্দোলনের সময় শাহবাগ থানার চানখারপুল এলাকায় ছাত্র-জনতার সঙ্গে আন্দোলনে অংশ নেন মো. মনির। আসামিদের ছোড়া গুলিতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
এ ঘটনায় নিহতের স্ত্রী রুজিনা আক্তার একই বছরের ১৪ মার্চ শাহবাগ থানায় হত্যা মামলা করেন।
মামলায় ৩৫১ জনকে এজাহারনামীয় ও ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। আমিরুল আলম মিলন এ মামলার ৬২ নম্বর এজাহারনামীয় আসামি।