কারাবন্দি মেজর সাদিককে রবিবার আদালতে হাজির করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ভাটারার বসুন্ধরা আবাসিক এলাকায় প্রাইভেটকারে অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কারাবন্দি সাবেক মেজর মো. সাদিকুল হকের (৩০) সম্পৃক্ততার ব্যাখ্যা আদালতে দিয়েছে পুলিশ।
পুলিশের দাবি, কারাগারে থাকা সাদিক সরাসরি গাড়িতে আগুন না দিলেও পূর্বপরিকল্পনা, নির্দেশনা, অর্থায়ন ও মদদের মাধ্যমে এ ঘটনায় জড়িত।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালতে রবিবার ভাটারা থানার ওসি মাজহারুল ইসলাম এবং তদন্ত কর্মকর্তা এসআই মো. চাঁদ আলী লিখিত ব্যাখা জমা দেন। বিচারক লিখিত বক্তব্য পড়ে এ বিষয়ে আদেশ দেবেন।
প্রসিকিউশন বিভাগের এসআই কামাল হোসেন তথ্যটি নিশ্চিত করেন।
পুলিশের ব্যাখ্যা
তদন্তের বরাত দিয়ে পুলিশের দেওয়া লিখিত ব্যাখ্যায় বলা হয়, সেনাবাহিনীতে চাকরিরত অবস্থায় ২০২৫ সালের ৩ জুলাই থেকে ৮ জুলাই পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকার কেবি কনভেনশন হলের দ্বিতীয় তলার একটি হলরুমে গোপন সভা করেন সাবেক মেজর সাদিক।
পুলিশের দাবি, এসব সভায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মকাণ্ডকে গতিশীল করা, সমর্থকদের উৎসাহিত করা এবং দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির বিষয়ে আলোচনা হয়। এ ঘটনায় ১৩ জুলাই ভাটারা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়। ওই মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন সাদিক।
পুলিশ আরও বলেছে, সাদিক প্রধান প্রশিক্ষক ও ‘কানেক্টর’ হিসেবে ঢাকার বিভিন্ন স্থানে একাধিক গোপন প্রশিক্ষণ ও ওয়ার্কশপের আয়োজন করেন। এর মধ্যে রূপগঞ্জ থানার পূর্বাচলের সি-সেল রিসোর্ট, কাটাবনের একটি রেস্টুরেন্ট, মিরপুর ডিওএইচএস, উত্তরা ১২ নম্বর সেক্টর এবং আঞ্চলিক পাসপোর্ট অফিসের বিপরীতে প্রিয়াংকা সিটির ২ নম্বর গেটসংলগ্ন তার স্ত্রী সুমাইয়া যাফরিনের ফ্ল্যাটের কথা উল্লেখ করা হয়েছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, এসব সভা ও প্রশিক্ষণে অংশ নেওয়া আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের অনেকে এখনো গ্রেপ্তার হননি। পলাতক নেতাকর্মীরা দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে এসব সভা থেকে পরিকল্পনা ও প্রশিক্ষণ নেন বলেও তদন্তে উঠে এসেছে বলে দাবি পুলিশের।
গাড়ি পোড়ানোর ঘটনায় সম্পৃক্ততার দাবি
পুলিশের লিখিত ব্যাখ্যায় বলা হয়েছে, সাদিকের পূর্বের নির্দেশনা, অর্থায়ন ও মদদের ভিত্তিতে পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে বাদীর গাড়িতে আগুন দেওয়া হয়। তদন্তে এ ঘটনায় তার প্রত্যক্ষ ও পরোক্ষ সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলে দাবি করা হয়েছে।
এর আগে ৭ আগস্ট ভাটারা থানার এসআই চাঁদ আলী কারাগারে থাকা সাদিককে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আবেদনে বলা হয়, নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের ঘোষিত ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির অংশ হিসেবে এবং দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে গাড়িতে আগুন দেওয়া হয়।
আদালতের প্রশ্ন
গত ১০ আগস্ট এ বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। ওই দিন সাদিককে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। শুনানিতে তার আইনজীবী এইচ এম আল-আমিন প্রশ্ন তোলেন, ঘটনার সময় সাদিক কারাগারে ছিলেন- তাহলে কারাগারে থেকে তিনি কীভাবে গাড়ি পোড়ানোর ঘটনায় জড়িত হলেন?
এর পরিপ্রেক্ষিতে ভাটারা থানার ওসি ও মামলার তদন্ত কর্মকর্তাকে এ বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেন আদালত। সেই নির্দেশ অনুযায়ী রবিবার তদন্ত কর্মকর্তা আদালতে পুলিশের লিখিত ব্যাখ্যা জমা দেন।
যেভাবে গাড়িতে আগুন দেওয়া হয়
মামলার এজাহার অনুযায়ী, ২০২৫ সালের ১১ নভেম্বর রাত ১২টার দিকে প্রতিদিনের মতো ভাটারা থানার বিটুমিন গেটের সামনে নিজের প্রাইভেটকার রেখে বাসায় চলে যান মনির হোসেন। ভোর ৬টার দিকে তার পরিচিত চালক মো. মনির ফোন করে জানান, গাড়িতে আগুন লেগে সেটি পুড়ে গেছে।
পরে ঘটনাস্থলে গিয়ে মনির জানতে পারেন, রাত ২টা ২০ মিনিটের দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে গাড়িতে আগুন লাগার খবর দেওয়া হয়। খবর পেয়ে ভাটারা থানা পুলিশ ঘটনাস্থলে যায়। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
এ ঘটনায় ওই দিনই ভাটারা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন মনির হোসেন। এজাহারে আগুনে গাড়িটির প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে উল্লেখ করা হয়।
কারাগারে যাওয়ার প্রেক্ষাপট
২০২৪ সালের ২৯ অক্টোবর সামরিক আদালতের সিদ্ধান্তে বাংলাদেশ সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত হন মেজর সাদিক। একই সঙ্গে তাকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয় এবং ঢাকা কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। পরে ভাটারা থানার সন্ত্রাসবিরোধী আইনের আরেকটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এরপর থেকেই তিনি কারাগারে রয়েছেন।
তবে গাড়ি পোড়ানোর ঘটনায় তার সম্পৃক্ততার বিষয়ে পুলিশের দেওয়া বক্তব্য এখন আদালতের পরবর্তী আদেশের ওপর নির্ভর করছে।