প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬ ০৯:৩৭ এএম
রামিসা। ফাইল ছবি
রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুনের আপিল এবং ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) শুনানির জন্য হাইকোর্টের কার্যতালিকায় এসেছে। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটের তথ্যমতে, বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কেএম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে মামলাটি আজ রবিবারের কার্যতালিকায় ২২ নম্বর ক্রমিকে রয়েছে।
মামলার বিবরণী থেকে জানা যায়, দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসাকে গত ১৯ মে ধর্ষণের পর হত্যা করা হয়। এ ঘটনায় রামিসার বাবা বাদী হয়ে পল্লবী থানায় মামলা করেন। গত ২১ মে সেই মামলায় আসামি সোহেল রানা ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এরপর স্ত্রী স্বপ্না খাতুনসহ দুজনকে কারাগারে পাঠানো হয়। গত ৭ জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এ রায় ঘোষণা করেন।
রায়ে ট্রাইব্যুনাল বলেন, ফৌজদারি কার্যবিধির ৩৬৮ ধারা মোতাবেক আসামিদের মৃত্যু না হওয়া পর্যন্ত গলায় ফাঁসি দিয়ে ঝুলিয়ে রাখতে হবে। আর ফৌজদারি কার্যবিধির ৩৭৪ ধারা মোতাবেক হাইকোর্ট বিভাগের অনুমোদনসাপেক্ষে এই মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে।
রায়ে আরও উল্লেখ করা হয়, আসামি সোহেলকে ৫ লাখ ও স্বপ্নাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার এই টাকা রামিসার আইনগত উত্তরাধিকারীদের প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। জরিমানার টাকা পরিশোধ না করলে কালেক্টরেট অফিসকে তাদের স্থাবর-অস্থাবর সম্পত্তি ক্রোক ও তা বিক্রি করে ভুক্তভোগীর পরিবারকে দেওয়ার নির্দেশ দেন আদালত।
আইন অনুযায়ী নিম্ন আদালতের মৃত্যুদণ্ড কার্যকরের জন্য হাইকোর্টের চূড়ান্ত অনুমোদনের বাধ্যবাধকতা থাকায় মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের জেল আপিল এখন হাইকোর্টে শুনানির অপেক্ষায়।