প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬ ১৮:১৩ পিএম
চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট। ছবি: সংগৃহীত
ঢাকার রায়েরবাগের জোড়াখাম্বা এলাকার একটি মাদরাসার বাথরুম থেকে শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধারের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার দুই শিক্ষকের মধ্যে হাফেজ মো. জাকারিয়াকে (৩৫) জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
অপর আসামি হাফেজ মো. জোবায়ের আহম্মেদকে (২০) শিশু দাবি করায় রিমান্ড শুনানি হয়নি। এ বিষয়ে শুনানির দিন রাখা হয়েছে ১৮ অগাস্ট।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম বৃহস্পতিবার শুনানি শেষে এ আদেশ দেন।
গত ৫ অগাস্ট মামলার তদন্ত কর্মকর্তা কদমতলী থানার উপ-পরিদর্শক আমজাদ হোসেন তাদের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন, আদালত আসামিদের উপস্থিতিতে শুনানির জন্য এদিন রাখেন।
বাদীপক্ষে অ্যাডভোকেট হারুনর রশীদ খান আসামিদের রিমান্ড মঞ্জুরের পক্ষে যুক্তি তুলে ধরেন। জাকারিয়ার পক্ষে তার আইনজীবী ইমদাদুল আলম রিমান্ড বাতিল করে জামিন প্রার্থণা করেন। পরে আদালত জাকারিয়ার তিন দিনের রিমান্ডের আদেশ দেন।
প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক আব্দুস ছবুর এতথ্য নিশ্চিত করেন।
এর আগে গত ৩ অগাস্ট দুপুরে ওই মাদরাসার তৃতীয় তলার বাথরুম থেকে মো. নাঈম শেখ (১৩) নামে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় তার মা নাজমা বেগম এই দুইজনকে আসামি করে মামলা করেন। মামলা দায়েরের পর রাত ১০টার দিকে তাদের মাদরাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন তাদের কারাগারে পাঠানো হয়।
মামলায় অভিযোগে বলা হয়, দুই শিক্ষক বিভিন্ন কারণে নাঈমকে নির্যাতন করতেন। নাঈম বিষয়টি তার মাকে বলেছিল। পরে ছেলেকে মাদরাসা থেকে নিয়ে আসতে চেয়েছিলেন নাজমা বেগম। কিন্তু আসামিরা মাদরাসা থেকে ছাড়পত্র দেননি। নাঈম ওই মাদরাসায় পড়তে না চাওয়ায় আসামিরা তার ওপর নির্যাতন চালিয়ে যান। সোমবার দুপুরে নাঈম মাদরাসায় পড়বে না বলে শিক্ষকদের জানায়। তখন তাকে মারধর করা হয়। পরে তাকে শ্বাসরোধে হত্যা করে আসামিরা।