প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৬ ১৫:২০ পিএম
সুপ্রিম কোর্টের আপিল বিভাগসহ সব এজলাসে সাংবাদিকদের প্রবেশাধিকার পুনর্বহালের দাবিতে বুধবার অবস্থান কর্মসূচি পালন করেছেন সংবাদকর্মীরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
সুপ্রিম কোর্টের আপিল বিভাগসহ সব এজলাসে সাংবাদিকদের প্রবেশাধিকার পুনর্বহালের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন সংবাদকর্মীরা।
সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে বুধবার দুপুরে এই কর্মসূচি পালিত হয়।
এতে আইন বিটের সাংবাদিকসহ সম্পাদক পরিষদ, ডিউজে, ডিআরইউর নেতারাও অংশ নেন।
এ সময় তারা নাগরিকদের তথ্য পাওয়ার সাংবিধানিক অধিকার নিশ্চিতে অবিলম্বে সাংবাদিকদের আপিল বিভাগে প্রবেশে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানান।
অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে সাংবাদিক নেতারা বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে যেখানে আদালতের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হচ্ছে, সেখানে আমাদের দেশে এ ধরনের সিদ্ধান্ত বিচারের স্বচ্ছতা ও ন্যায়বিচার পরিপন্থি। আপিল বিভাগের এজলাসে সাংবাদিকদের প্রবেশ পুনর্বহাল না করলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন নেতারা।