প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৬ ১৭:৪৭ পিএম
সুপ্রিম কোর্ট। ফাইল ছবি
গুম কমিশনের অন্তর্বর্তীকালীন দুটি প্রতিবেদনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ সোমবার এ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী আজিজুর রহমান দুলু।
অন্তর্বর্তী সরকারের সময়ে পাঁচ সদস্যবিশিষ্ট গুমসংক্রান্ত ওই তদন্ত কমিশন গঠন করে ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।
কমিশন একই বছরের ১৪ ডিসেম্বর একটি এবং গত বছরের ৪ জুন আরেকটি অন্তর্বর্তী প্রতিবেদন দাখিল করে।
এই দুই অন্তর্বর্তী প্রতিবেদনের বৈধতা নিয়ে নওগাঁ সদর উপজেলার বাসিন্দা নাজনীন পারভীন স্বপ্না চলতি বছর রিটটি করেন।
পরে শুনানির জন্য উঠলে হাইকোর্টের একটি বেঞ্চের একজন বিচারপতি বিব্রতবোধ করেন এবং বিষয়টি শুনতে অপারগতা প্রকাশ করেন। এরপর নিয়ম অনুযায়ী বিষয়টি প্রধান বিচারপতির কাছে পাঠানো হলে তিনি বিচারপতি আহমেদ সোহেলের নেতৃত্বাধীন বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করে দেন।
রিটে সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রিপরিষদ সচিব, রাষ্ট্রপতির কার্যালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব এবং গুম তদন্ত কমিশনের সভাপতিকে বিবাদী করা হয়।